২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যর্থ নয়, বিএনপির কর্মসূচিগুলো ‘অসাধারণ’ হয়েছে: নোমান

সরকার বার বার চেষ্টা করেও কোনো কর্মসূচিও ব্যর্থ করতে পারেনি, বলেন তিনি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2023, 10:30 PM

Updated : 16 Dec 2023, 10:30 PM

সরকার বারবার চেষ্টা করেও বিএনপির কোনো কর্মসূচি ব্যর্থ করতে পারেনি বলে দাবি করেছেন দলের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান।

শনিবার নগরীর এনায়েত বাজার মোড়ে মহানগর বিএনপির বিজয় শোভাযাত্রার আগে সমাবেশে এমন দাবি করেন তিনি।

তিনি বলেন, সরকারের বার বার চেষ্টার পরও একটি কর্মসূচিও ব্যর্থ হয়নি। বরং কর্মসূচিগুলো অসাধারণ হয়েছে।

“যতক্ষণ পর্যন্ত আমাদের একদফা আন্দোলনের কায়েম না হবে ততদিন আমাদের সংগ্রাম চলবে। আমরা বলতে চাই, বালির বাধ যতই বড় দেখা যাক সে বালির বাধ থাকবে না। আমরা বালির বাধের বিরুদ্ধে।”

বিএনপি নেতা নোমান বলেন, শহীদের রক্তাক্ত সংগ্রামে আমরা এগিয়ে যাচ্ছি, লড়াই করছি। বালির বাধ ভেঙ্গে আমরা জোয়ারের বাঁধ গড়ে তুলেছি। আমরা আজ এখানে নবতর উপায়ে সংগ্রাম শুরু করব। সে সংগ্রামে লড়াই হবে শাসকগোষ্ঠীর বিরুদ্ধে এক দফা আন্দোলনের। আমরা চাই দেশের জনগণের ক্ষমতা জনগণকেই ফিরিয়ে দিতে।”

তিনি বলেন, “আমাদের দলের নেতা মীর্জা ফখরুল, আমির খসরু মাহমুদ চৌধুরী, মীর্জা আব্বাসসহ অনেকে কারাগারে আছেন। অবিলম্বে তাদের মুক্তি না দিলে কারাগার ভেঙ্গে আমরা তাকে মুক্ত করব।

“এ সরকারের কাছে চাওয়ার কিছু নেই। সরকার ধসে পড়েছে। এ মুক্তি আন্দোলনের মাধ্যমে করতে হবে। আমরা জয়ের মুখোমুখি, বিজয় অর্জনের প্রাক্কালে।”

বিজয় দিবস উপলক্ষে সকাল থেকে মহানগর বিএনপির নেতাকর্মীরা রং বেরঙের সাজে এনায়েত বাজার মোড়ে সমবেত হয়।

সেখানে সমাবেশ শেষে আবদুল্লাহ আল নোমানের নেতৃত্বে বিজয় র‍্যালী নিয়ে জুবলি রোড, তিন পুলের মাথা হয়ে নিউ মার্কেট সংলগ্ন অস্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে বীর শহীদদের শ্রদ্ধা জানান তারা।

মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটনের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এস এম ফজলুল হক।

বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, কেন্দ্রীয় বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন, চট্টগ্রাম মহানগর বিএনপির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর।