চমেকে ছদ্মবেশে অভিযানে ওষুধ তছরুপের প্রমাণ পেল দুদক
হাসপাতাল কর্তৃপক্ষ দায়ীদের বিরুদ্ধে পরে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ছদ্মবেশে অভিযান চালিয়ে ওষুধ তছরুপের প্রমাণ পেয়েছে দুদক।
বৃহস্পতিবার সকালের এ অভিযানে কাউকে গ্রেপ্তার বা আটক করেনি দুনীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা। হাসপাতাল কর্তৃপক্ষ দায়ীদের বিরুদ্ধে পরে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন।
হাসপাতালের জরুরি ও মেডিসিন বিভাগের ১৩ নম্বর ওয়ার্ডে পরিচালিত এ অভিযান শেষে দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১ এর সহকারী পরিচালক এনামুল হক সাংবাদিকদের জানান, রোগীদের নিবন্ধনে লিখলেও তাদের ওষুধ সরবরাহ করা হয় না। বেডে রোগী না থাকার পরও ভুয়া ওষুধ সরবরাহের মত বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া গেছে।
তিনি বলেন, রোগীদের ওষুধ সরবরাহ না করে আত্মসাৎ এবং বাইরে থেকে কেনানো হয় এ অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালানো হয়।
“সকালে ছদ্নবেশে আমরা হাসপাতালে অবস্থান করেছি। জরুরি বিভাগের রেজিস্ট্রারে গিয়ে দেখা যায় বিভিন্ন বেডে রোগীকে ওষুধ দেওয়ার কথা উল্লেখ থাকলেও দেওয়া হয়নি। এমনকি অনেকে বেডে ওষুধ বিতরণের কথা উল্লেখ করলেও সেখানে কোন রোগীই ছিল না।”
এদিকে মেডিসিন ওয়ার্ডেও রোগীদেরও ওষুধ বিতরণের তথ্য রেজিস্ট্রারে উল্লেখ করলেও দেওয়া হয়নি। আবার কিছু ওষুধ রোগীদেরও দেওয়া হয়নি এবং ডাক্তারও ব্যবস্থাপত্রে লিখেনি স্টোর রুমে সে ধরনের ওষুধেরও গড়মিল পাওয়া গেছে বলে জানান তিনি।
সহকারী পরিচালক এনামুল বলেন, এসব ওষুধ কোথায় গেল দায়িত্বপ্রাপ্তরা সেগুলোর সদুত্তর দিতে পারেনি। বিষয়টি আমরা আমাদের কমিশনকে জানাব।
চট্টগ্রাম মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুদকের বিভিন্ন সময়ে হাসপাতালে আসেন এবং বিভিন্ন অনিয়মসহ নজরদারির ক্ষেত্রে সহায়তা করে থাকেন।
বৃহস্পতিবারেও দুদকের একটি দল হাসপাতালে এসে বিনামূল্যে ওষুধ প্রদানের স্থান, জরুরি বিভাগ ও মেডিসিন ওয়ার্ডে গিয়েছিল উল্লেখ করে তিনি বলেন, সেসব জায়গায় রোগীর নামে ওষুধ লেখা হলেও তারা বরাদ্দ না পাওয়া এবং স্টোর থেকে নেয়ার প্রমাণ পায় বলে দুদক জানিয়েছে।
তাদের তথ্যের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান হাসপাতালের পরিচালক।
