চট্টগ্রামে রেললাইনের পাশে টায়ারের স্তূপে আগুন
এই কারণে ট্রেন চলাচল হচ্ছে বিঘ্নিত।
চট্টগ্রামের দেওয়ানহাট ওভারব্রিজের নিচে পুরানো টায়ারের স্তূপে আগুন লাগার পর পাশের রেললাইনে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। এ কারণে কয়েকটি ট্রেন আটকা পড়েছে।
ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ জানায়, বেলা ১২টা ৪৫ মিনিটের দিকে আগুন লাগে। তা নিয়ন্ত্রণে ১২টি ইউনিট কাজ শুরু করে। বেলা আড়াইটায় আগুন নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নেভানো সম্ভবপর হয়নি।
দেওয়ানহাট ওভারব্রিজের নিচ দিয়ে চট্টগ্রাম-ঢাকা রেললাইন। এ লাইনের পাশেই সীমানা দেয়াল ঘেঁষে পুরানো টায়ার স্তূপ করে রাখা হয়।
চট্টগ্রাম রেল স্টেশনের স্টেশন মাস্টার জাফর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রেললাইনের পাশে টায়ারে আগুন লাগার পর ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে।
“এ কারণে সোনার বাংলা এক্সপ্রেস চট্টগ্রাম স্টেশনে প্রবেশ করতে পারেনি। এছাড়া মহানগর ও বিজয়ের ইঞ্জিন স্টেশনে ঢুকতে পারেনি।”
আগুন কমে আসয় কিছুক্ষণ পর ট্রেন চলাচল শুরু করা যাবে বলে আশাবাদী তিনি।
টায়ারে আগুন লাগার পর অনেক দূর থেকে কালো ধোঁয়া দেখা যাচ্ছিল। প্রচুর উৎসুক জনতা সেখানে ভিড় করে। অনেকে ফেসবুকে লাইভ দিতে থাকে।
