বাজারে গুজবের মাধ্যমে সংকট সৃষ্টি করলে ব্যবস্থা: সিএমপি কমিশনার
“গুজব সৃষ্টিকারীদের চিহ্নিত করে আপনারা আমাদের জানাবেন। আমরা আইনানুগ ব্যবস্থা নেব”, বলেন কৃষ্ণপদ রায়।
ভোগ্যপণ্যের বাজারে ‘গুজব সৃষ্টির মাধ্যমে’ কৃত্রিম সংকট তৈরি করলে ‘ব্যবস্থা নেওয়ার’ কথা জানিয়েছেন চট্টগ্রাম নগর পুলিশের কমিশনার কৃষ্ণপদ রায়।
বৃহস্পতিবার ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, “ব্যবসায়ীরা বলেছেন, গুজবের কারণে বাজারে কৃত্রিম চাহিদা ও সংকট সৃষ্টি হয়। তখন মানুষের এক দিনে এক মাসের বাজার করার প্রবণতা দেখা যায়। এ কারণে বাজারে সপ্তাহ, পনের দিনের জন্য সংকট সৃষ্টি হয়।”
“গুজব সৃষ্টিকারীদের চিহ্নিত করে আপনারা আমাদের জানাবেন। আমরা আইনানুগ ব্যবস্থা নেব।”
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য ‘সহনীয়’ রাখতে নিজ কার্যালয়ে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন পুলিশ কমিশনার। বিশ্ব পরিস্থিতি, অভ্যন্তরীণ সংকট বিবেচনায় ব্যবসায়ীরা তাদের লাভের অংশ ‘কমানোর আশ্বাস’ দিয়েছেন বলে জানান তিনি।
বৈঠকে ব্যবসায়ীরা জানান, বাজারে পণ্যের জোগান নিয়ে যতটা সংকট, তার চেয়ে বেশি সংকট হয় সরবরাহ নিয়ে। ব্যবসায়ীদের মধ্যে অবাধ তথ্যপ্রবাহ থাকলেও উৎপাদনকারীদের মধ্যে সেটার ঘাটতি থাকায় কৃত্রিম সংকট তৈরি হয়।
মানুষের ভোগান্তি কমাতে পুলিশ ও ব্যবসায়ী যৌথভাবে কাজ করবে মন্তব্য করে কৃষ্ণপদ রায় বলেন, “ব্যবসায়ীরা পণ্য সরবরাহ নিশ্চিতের মাধ্যমে জনগণের সেবা করছেন। কেউ যাতে কৌশলে অধিক মুনাফার জন্য সংকট সৃষ্টি এবং সিন্ডিকেট করে মানুষের ভোগান্তির কারণ না হয় সে ব্যাপারে ব্যবাসায়ী ও পুলিশ যৌথভাবে কাজ করবে।”
চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার, দোকান মালিক সমিতি, আড়তদার সমিতি, চাল, ডাল ব্যবসায়ী সমিতির প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।
