১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

‘উন্নয়নের স্বার্থে’ একত্রে কাজ করবে সিসিসি-সিডিএ

‘‘আমরা দীর্ঘদিন রাজপথে একসাথে লড়েছি। দুজনের অভিজ্ঞতা ও আন্তরিকতায় চট্টগ্রাম এগিয়ে যাবে৷"

‘উন্নয়নের স্বার্থে’ একত্রে কাজ করবে সিসিসি-সিডিএ
বুধবার বিকেলে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে চট্টগ্রামের মেয়র এম রেজাউল করিমকে স্বাগত জানান সিডিএর নবনিযুক্ত চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2025, 07:19 PM

Updated : 26 Aug 2026, 09:32 AM

‘উন্নয়নের স্বার্থে’ চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি) ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) এখন থেকে একসঙ্গে কাজ করবে বলে ঘোষণা দিয়েছেন সংস্থা দুটির প্রধান। 

একাত্তরে রণাঙ্গণের স্মৃতি মনে করিয়ে দিয়ে তারা বলেছেন, এবার লড়াই চট্টগ্রামকে ‘এগিয়ে নেওয়ার’।

জাপান সফর শেষে বুধবার বিকালে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান সিটি মেয়র এম রেজাউল করিম। সেখানে তাকে স্বাগত জানান সিডিএর নবনিযুক্ত চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ। তারা বিমানবন্দেরে ভিআইপি লাউঞ্জে সৌজন্য সাক্ষাৎ করেন। 

পরে চট্টগ্রাম সিটি করপোরেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাক্ষাতের সময় তারা চট্টগ্রামের বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়ে কথা বলেন। 

সোমবার সিডিএ চেয়ারম্যান হিসেবে যোগ দেন মোহাম্মদ ইউনুছ। 

সাক্ষাতের সময় মেয়র রেজাউল বলেন, "চট্টগ্রামের উন্নয়নের স্বার্থে সিসিসি ও সিডিএকে যৌথভাবে কাজ করতে হবে৷ বিশেষ করে নগরীকে জলাবদ্ধতামুক্ত করতে হলে সমন্বয়ের বিকল্প নেই৷  সিডিএ যে খাল খনন প্রকল্প করছে, তা যথাযথ ব্যবস্থাপনার আওতায় এলে নগরীতে মশাও কমবে।

"সিডিএ চেয়ারম্যান ইউনুছকে সাথে নিয়ে খাল খননের মাধ্যমে নগরীর স্বাভাবিক পানিপ্রবাহ নিশ্চিত করা থেকে শুরু করে নান্দনিক চট্টগ্রাম নির্মাণ, প্রতিটি বিষয়ে একযোগে কাজ করব৷ বঙ্গবন্ধুর ডাকে দেশ স্বাধীন করতে দুজন একসাথে লড়েছি৷ এবার আমাদের লড়াই চট্টগ্রামকে এগিয়ে নেওয়ার৷"

সিডিএ চেয়ারম্যান বলেন, "আমি চট্টগ্রাম সিটি করপোরেশনের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখব৷ সিটি করপোরেশন এবং সিডিএ-এর মধ্যে কোনো দূরত্ব থাকবে না, সমন্বয়হীনতা থাকবে না৷ 

‘‘আমরা দীর্ঘদিন রাজপথে একসাথে লড়েছি। দুজনের অভিজ্ঞতা ও আন্তরিকতায় চট্টগ্রাম এগিয়ে যাবে৷"

প্যানেল মেয়র গিয়াস উদ্দিন, কাউন্সিলর ছালেহ আহম্মদ চৌধুরী, নিছার উদ্দিন আহমেদ মঞ্জু, মো. শাহেদ ইকবাল বাবু, আবদুস সালাম মাসুম, আবুল হাসনাত বেলাল, নুরুল আলম মিয়া, ওয়াসিম উদ্দিন চৌধুরী, পুলক খাস্তগীর, এসরারুল হক, আতাউল্লা চৌধুরী, মোহাম্মদ ইলিয়াস এবং সিটি করপোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।