২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিতীয় স্ত্রী ও সন্তান খুনে স্বামী ও প্রথম স্ত্রীর যাবজ্জীবন

চট্টগ্রামে ২০১১ সালে এই হত্যার ঘটনায় মামলা হয়।

দ্বিতীয় স্ত্রী ও সন্তান খুনে স্বামী ও প্রথম স্ত্রীর যাবজ্জীবন

ফাইল ছবি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2023, 08:14 PM

Updated : 22 Jun 2023, 08:51 PM

দ্বিতীয় স্ত্রী ও সাত মাস বয়সী শিশু সন্তানকে হত্যার অপরাধে স্বামী ও তার প্রথম স্ত্রীকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। 

বৃহস্পতিবার চট্টগ্রামের ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ সিরাজাম মুনীরার আদালত এই রায় দেয়। 

দণ্ডিতরা হলেন- আবদুল বারেক (৩৮) ও তার প্রথম স্ত্রী লাকী বেগম (৩৫)। 

পেশায় বাস চালক আবদুল বারেক লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার পূর্ব কাজীরখীল গ্রামের বদু মিয়ার ছেলে। তারা নগরীর পাহাড়তলি থানার সরাইপাড়া বহেরা পুকুর পাড় এলাকায় সিরাজ মিয়ার ভাড়া বাসায় থাকতেন।

আদালতের পিপি দীর্ঘতম বড়ুয়া দীঘু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দ্বিতীয় স্ত্রী রহিমা বেগম সুমি ও সাত মাস বয়সী শিশু সন্তান হৃদয়কে হত্যার অভিযোগ প্রমাণ হওয়ায় দুই আসামি আবদুল বারেক ও তার প্রথম স্ত্রী লাকী বেগমকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। 

“পাশাপাশি প্রত্যককে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন। রায় ঘোষণার সময় দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়।” 

মামলার নথি থেকে জানা যায়, ২০১১ সালের ২৬ মার্চ সকালে নগরীর পাহাড়তলি থানার সরাইপাড়া বহেরা পুকুর পাড়ে সিরাজ মিয়ার ভাড়া ঘরে এই হত্যাকাণ্ড হয়। 

নিহত রহিমা বেগম সুমির বোন ও মামলার বাদী জহুরা বেগম রানু মামলায় উল্লেখ করেন, ২০০৯ সালে সুমির সাথে বারেকের বিয়ে হয়েছিল। বিয়ের পর থেকে নানা অজুহাতে সুমিকে মারধর করত বারেক ও তার প্রথম স্ত্রী লাকী বেগম। 

ছেলে হৃদয়ের জন্মের এক সপ্তাহ পর লাকী বেগম সুমিকে গরম পানি ছুড়ে মারলে সুমি বোন জহুরা বেগম রানুর বাসায় চলে যায়। এর এক মাস পর বারেক গিয়ে ‘আর অত্যাচার করবে না’ কথা দিয়ে সুমিকে বাসায় ফিরিয়ে নেয়। 

মামলার এজাহারে জহুরা বেগম উল্লেখ করেন, ঘটনার দিন সকালে গ্রামের বাড়ি যাওয়ার কথা ছিল সুমির। সেদিন সকালে সুমি ফোন করে জানায়, আসামিরা তাকে ঘর থেকে বের হতে দিচ্ছে না। 

সেদিন বিকালে মোবাইলে জহুরা বেগম খবর পায় তার বোন সুমির মরদেহ ঘরের মাঝের কক্ষে গলায় ফাঁস দিয়ে মৃত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। সুমির মৃতদেহের পাশে সন্তান হৃদয়ের মৃতদেহও পাওয়া যায়। 

ঘটনার দিনই দুই আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। ওইদিনই বাদী হয়ে মামলা করেন জহুরা বেগম। 

তদন্তে পুলিশ জানতে পারে ‘পারিবারিক বিরোধের জেরে’ সুমিকে মাথায় সজোরে আঘাত করে ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছিল। সুমির সন্তান হৃদয়কেও শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে সুমির মরদেহের গলায় শাড়ি পেঁচিয়ে ঝুলিয়ে আত্মহত্যা বলে প্রচারের চেষ্টা করেন আসামিরা। 

মামলায় আবদুল বারেকের বোন বিবি মরিয়মকেও আসামি করেছিলেন জহুরা বেগম। তদন্ত শেষে অভিযোগপত্রে বিবি মরিয়মকে অব্যাহতি দেওয়া হয়। এ মামলায় ২০১৪ সালের ১৯ ফেব্রুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। সাক্ষ্যগ্রহণ শেষে বৃহস্পতিবার আদালত এই রায় দেয়।