ছাত্রলীগের ইভান হত্যা মামলায় আরও একজন গ্রেপ্তার
পুলিশের দাবি, ইভান হত্যা মামলায় শ্রাবণ সরাসরি জড়িত ছিলেন। এ নিয়ে মোট সাত জনকে গ্রেপ্তার করা হল এ মামলায়।
চট্টগ্রামের চেরাগী পাহাড় এলাকায় ছাত্রলীগ কর্মী আসকার ইবনে তারেক ওরফে ইভান হত্যা মামলায় আরও এক তরুণকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।
কোতোয়ালি থানার পরিদর্শক (অপারেশন) রুবেল হাওলাদার জানান, পটিয়া পৌরসভার মুন্সেফ বাজারের ধলঘোট থেকে বুধবার রাতে শ্রাবণ দেকে (২০) গ্রেপ্তার করা হয়; খুনের ঘটনার পর বেশভূষা পাল্টে তিনি ফটোকপির দোকানে কাজ করছিলেন।
এ নিয়ে ইভান হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মোট সাত জনকে গ্রেপ্তার করা হল বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা রুবেল হাওলাদার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “গ্রেপ্তার শ্রাবণ ওই হত্যা মামলার এজাহারের চার নম্বর আসামি। সরাসরি সে হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল। “
খুনের ঘটনার পর থেকেই শ্রাবণ ‘পলাতক’ ছিল জানিয়ে পুলিশ বলছে গোপন খবরের ভিত্তিতে তারা শ্রাবণকে তার মামার বাড়ি থেকে গ্রেপ্তার করেছে।
শ্রাবণকে ধরতে অভিযানে অংশ নেওয়া কোতোয়ালি থানার এসআই মোমিনুল হাসান জানান, ধলঘোটের মুন্সেফ বাজার এলাকায় খলিলুর রহমান ডিগ্রি কলেজের কাছে আঁখি স্টুডিও নামে একটি দোকানে ফটোকপির মেশিন চালানোর কাজ করছিলেন শ্রাবণ।
“শ্রাবণ নিজেকে আড়াল রাখতে ভেষভুষা পাল্টে ফেলেন। সবসময় মুখে মাস্ক ও মাথায় টুপি দিয়ে চলাফেরা করতেন। এছাড়া তিনি ঘনঘন মোবাইল সিম পাল্টাতেন।
এলাকার ‘আধিপত্য’ নিয়ে স্থানীয় দুই দল কিশোরের মধ্যে বিবাদের জেরে গতবছরের ২২ এপ্রিল রাতে নগরীর চেরাগী পাহাড় মোড়ে মারপিট হয়। সে সময় আজাদী গলির ভেতরে ‘প্রতিপক্ষের’ ছুরিকাঘাতে নিহত হন বিএএফ শাহীন কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী আসকার ইবনে তারেক ওরফে ইভান (১৮)।
এ ঘটনার পর রাতেই ১৭ বছর বয়েসী এক কিশোরকে গ্রেপ্তার করে পুলিশ। তিনিও ছুরিকাঘাতে আহত হয়েছিলেন।
হত্যাকাণ্ডের পর পুলিশ জানিয়েছিল, কয়েকজন সহযোগীকে সঙ্গে নিয়ে ইভান চেরাগী পাহাড় আজাদী গলির ভেতরে গিয়েছিলেন ঘটনার দিন। ‘পূর্ব শত্রুতার’ জেরে ১৭ বছর বয়েসী ওই কিশোরকে ছুরিকাঘাত করে তারা। এসময় ওই কিশোর চিৎকার শুরু করলে তার পক্ষের লোকজন এগিয়ে আসে। তারাই ইভানকে ছুরিকাঘাত করে।
নিহত ইভানের বাবা সৈয়দ মোহাম্মদ তারেক পরে কোতয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন।
