২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রেলে নিয়োগ দুর্নীতি: ৫ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

২০১৭ সালে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ১৮৫টি সিপাহি পদে নিয়োগের ক্ষেত্রে অনিয়মের অভিযোগ ওঠে।

রেলে নিয়োগ দুর্নীতি: ৫ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

চট্টগ্রাম রেল স্টেশন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2022, 09:12 PM

Updated : 28 Aug 2022, 09:12 PM

রেলওয়ের চতুর্থ শ্রেণির ১৮৫টি পদে নিয়োগে দুর্নীতি এবং কোটা বিধি যথাযথভাবে অনুসরণ না করায় পাঁচজন সরকারি কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুদক।

রোববার দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত চট্টগ্রাম জেলা কার্যালয়-১ এ মামলাটি করেন দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সিরাজুল হক।

মামলার আসামিরা হলেন- নিয়োগ কমিটির সদস্য বর্তমানে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) পূর্বাঞ্চলের চিফ কমান্ড্যান্ট মো. জহিরুল ইসলাম, নিয়োগ কমিটির সদস্য সচিব বর্তমানে আরএনবি পশ্চিমাঞ্চলের চিফ কমান্ড্যান্ট মোহা. আশাবুল ইসলাম, নিয়োগ কমিটির সদস্য বর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব ফুয়াদ হাসান পরাগ, নিয়োগ কমিটির সদস্য সাবেক সিস্টেম প্রোগ্রাম অফিসার (এসপিও, বর্তমানে অবসরে) মো. সিরাজ উল্যাহ এবং নিয়োগ অনুমোদনকারী পূর্ব রেলের সাবেক জিএম সৈয়দ ফারুক আহমেদ।

এদের মধ্যে জহিরুল ইসলাম সেসময় আরএনবির ঢাকা বিভাগের কমান্ড্যান্ট, আশাবুল ইসলাম চট্টগ্রাম বিভাগের কমান্ড্যান্ট এবং ফুয়াদ হাসান পরাগ রেলওয়ে পশ্চিমাঞ্চলের কমান্ড্যান্ট পদে কর্মরত ছিলেন।

এছাড়া পূর্ব রেলের আরএনবির সাবেক চিফ কমান্ড্যান্ট ইকবাল হোসেনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলেও তিনি মারা যাওয়ায় মামলায় তার নাম রাখা হয়নি।

দুদকের মোহাম্মদ সিরাজুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “২০১৭ সালে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) চতুর্থ শ্রেণির ১৮৫টি সিপাহি পদে নিয়োগের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোটা, পোষ্য কোটা, বিভাগীয় কোটা ও জেলা কোটা বিধি মোতাবেক যথাযথভাবে প্রতিপালন করা হয়নি।

“এটা শাস্তিযোগ্য অপরাধ হওয়ায় ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় এবং দণ্ডবিধির ১০৯ ধারায় মামলাটি করা হয়েছে।”

মামলার এজাহারে অভিযোগ করা হয়, ‘পরস্পর যোগসাজশে নিজেরা লাভবান হয়ে বা অন্যকে লাভবান করার অভিপ্রায়ে ক্ষমতার অপব্যবহার করে পরিকল্পিতভাবে’ মুক্তিযোদ্ধা ও পোষ্য কোটার প্রার্থীদেরকে পাসের কাছাকাছি নম্বর দিয়ে মৌখিক পরীক্ষায় অনুত্তীর্ণ দেখানো হয়। এসব কোটায় পছন্দের প্রার্থীদের মৌখিক পরীক্ষায় পাস দেখিয়ে চাকরি দেয়ার সুযোগ করে দেওয়া হয় এবং বিভাগীয় ও জেলা কোটা যথাযথভাবে প্রতিপালন করা হয়নি।”

এই মামলার তদন্তে আর কারও সম্পৃক্ততা পাওয়া গেলে তাদেরও আসামি করা হবে বলে এজাহারে উল্লেখ করা হয়।