২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঘূর্ণিঝড় সিত্রাং: চট্টগ্রামে আশ্রয় কেন্দ্রে ২০ হাজার মানুষ

আশ্রয় কেন্দ্রগুলোতে খাবারের ব্যবস্থাও করা হয়েছে বলে জেলা প্রশাসক জানিয়েছেন।

ঘূর্ণিঝড় সিত্রাং: চট্টগ্রামে আশ্রয় কেন্দ্রে ২০ হাজার মানুষ

ঝড়ের আগে আশ্রয় কেন্দ্রে উঠেছে মানুষ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2022, 10:09 PM

Updated : 24 Oct 2022, 10:37 PM

ঘূর্ণিঝড় সিত্রাংয়ে প্রাণক্ষয় এড়াতে চট্টগ্রাম জেলায় সাগর উপকূলের এলাকাগুলোর ২০ হাজারের মতো মানুষকে আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে।

জেলা প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী, বাঁশখালী উপজেলায় ৩ হাজার, আনোয়ারা উপজেলায় ২ হাজার, দ্বীপ উপজেলা সন্দ্বীপে ৭, হাজার, সীতাকুণ্ড উপজেলায় ৩ হাজার, মিরসরাই উপজেলায় ২ হাজা ৫০০ এবং সিটি কর্পোরেশন এলাকার পতেঙ্গা ও কাট্টলী মৎস্যজীবী পল্লী এলাকার ২ হাজার ৫০০ মানুষকে সোমবার রাত নাগাদ আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়।

ঘূর্ণিঝড় সিত্রাং সোমবার সন্ধ্যার পরই বরিশাল দিয়ে উপকূল অতিক্রম শুরু করেছে। এর প্রভাবে প্রবল ঝড়ো হাওয়া ও বৃষ্টি হচ্ছে।

চট্টগ্রাম জেলা প্রশাসন আগেই ৫২৩টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রেখেছিল। সোমবার দুপুরে জেলা প্রশাসকের সভাপতিত্বে চট্টগ্রাম জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভায় ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবেলায় পূর্ব প্রস্তুতি ও পরবর্তী করণীয় নির্ধারণ করা হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জেলায় মোট ৫২৩টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত আছে। পাশাপাশি ৯টি মুজিব কিল্লাও আছে। এছাড়া প্রয়োজন হলে ১ হাজার ৪৪০টি বিদ্যালয়কে ব্যবহার করা হবে।”

সন্দ্বীপের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সম্রাট খীসা সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, “আমাদের ১১২টি আশ্রয় কেন্দ্র এবং ৪টি মুজিব কিল্লা প্রস্তুত আছে। দ্বীপের বেড়ি বাঁধ সংলগ্ন অংশে ও বাঁধের বাইরে থাকা প্রায় ২০ হাজার মানুষকে আমরা নিরাপদে সরিয়ে নিতে চাই।

“রাত ১০টা পর্যন্ত লোকজনকে সরিয়ে নেওয়া হবে। এখন পর্যন্ত সন্দ্বীপে শুধু হালকা বৃষ্টি এবং অল্প অল্প বাতাস হচ্ছে।”

এরআগে দুপুরে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা শেষে জেলা প্রশাসনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রয়োজনে ৪ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার প্রস্তুতি স্থানীয় প্রশাসনের আছে।

জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান জানান, প্রায় সাড়ে ৯ হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত আছেন। জেলায় সরকারি কর্মকর্তাদের ছুটি বাতিল করা হয়েছে।

“আশ্রয় কেন্দ্রগুলোর জন্য শুকনা ও রান্না করা খাবার, জেনারেটর ও বিশুদ্ধ পানি সরবরাহের প্রস্তুতি নেওয়া হয়েছে।”

Image

আশ্রয় কেন্দ্রে যেতে মাইকিং

সভার সিদ্ধান্ত অনুসারে, কোস্টগার্ডকে তাদের নৌযানগুলো প্রস্তুত রাখতে বলা হয়েছে ঘূর্ণিঝড় পূর্ববর্তী ও পরবর্তী উদ্ধার কার্যক্রম চলমান রাখার জন্য। সাগরে মাছ ধরার ট্রলার ও নৌকার নিরাপদ অবস্থান গ্রহণের বিষয়টি তদারকি করতেও বলা হয়েছে কোস্টগার্ডকে। ট্রলার ও নৌযানগুলোকে উপকূলে থাকতে বলা হয়েছে।

ঘূর্ণিঝড়ে কেউ হতাহত হলে তাদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে স্বাস্থ্যসেবা বিভাগকে নির্দেশনা প্রদান করা হয় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায়।

জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, “দুর্যোগ পরিস্থিতি মোকাবেলায় জেলায় ২৯০টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। প্রতিটি ইউনিয়নে একটি করে মোট ২০০টি টিম থাকবে ইউনিয়ন পর্যায়ে।

১৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫টি করে মোট ৭৫টি দল থাকছে। পাশাপাশি নগরীর জেনারেল হাসপাতালেও ৫টি টিম থাকবে।

অন্যদিকে চট্টগ্রাম মহানগরী ও জেলার বিভিন্ন স্থানে পাহাড়ে বসবাসকারীদের রক্ষায় স্থানীয় সহকারী কমিশনারদের (ভূমি) প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও নির্দেশনা দেওয়া হয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায়।