২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আওয়ামী লীগের ১৫ বছরে বিএনপির ৬ শতাধিক গুম: নজরুল

গুমের প্রতিটি ঘটনার তদন্ত ও বিচার হবে, বলেছেন এই বিএনপি নেতা।

আওয়ামী লীগের ১৫ বছরে বিএনপির ৬ শতাধিক গুম: নজরুল

গুম দিবসে চট্টগ্রামে বিএনপির মৌন মিছিল।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2023, 07:50 PM

Updated : 30 Aug 2023, 07:50 PM

আওয়ামী লীগের গত দেড় দশকের শাসনে সারাদেশে বিএনপির ছয় শতাধিক নেতা-কর্মী গুমের শিকার হয়েছেন বলে দাবি করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

আন্তর্জাতিক গুম দিবসে বুধবার চট্টগ্রাম নগরীর নুর আহম্মদ সড়কের দলীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে তিনি এই দাবি করেন।

নজরুল বলেন, “আওয়ামী লীগের শাসনামলে সারাদেশে বিএনপির ছয়শ জনের অধিক মানুষ গুমের শিকার হয়েছেন।”

আওয়ামী লীগ গুমকে তাদের ‘প্রধান রাজনৈতিক কর্মসূচি’ করেছে দাবি করে তিনি বলেন, “একদলীয় শাসন ব্যবস্থা টিকিয়ে রাখতে গুমকে পথের কাঁটা দূর করার প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে।

“এ নৃশংস গুমের শিকার হয়েছেন সংসদ সদস্য ইলিয়াস আলী, সাইফুল ইসলাম হিরু, চৌধুরী আলম, চট্টগ্রামের বোয়ালখালীর নজরুল ইসলাম বাচা চেয়ারম্যানসহ অসংখ্য মানুষ।”

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ‘অভিনব গুম’র শিকার হয়েছেন দাবি করে নজরুল বলেন, “তাকে দুই মাস গুম করে রাখার পর পাচার করা হয় অন্য দেশে।”

গুমের প্রতিটি ঘটনার তদন্ত ও বিচার করার অঙ্গীকার করে এই বিএনপি নেতা বলেন, “কেবল একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে প্রকৃত গণতান্ত্রিক সরকার গঠন হলেই গুম, অপহরণ, খুন ও বিচারবহির্ভূত হত্যার মতো মানবতাবিরোধী অপরাধ দূর হবে, জনজীবনে স্বস্তি ফিরবে।”

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেনের সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটনের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর, যুগ্ম আহবায়ক এম এ আজিজ, যুগ্ম আহবায়ক আবদুস সাত্তার, সৈয়দ আজম উদ্দীন, এস এম সাইফুল আলম প্রমুখ।

চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে এই সমাবেশ শেষে নজরুল ইসলাম খানের নেতৃত্বে নেতা-কর্মীরা মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিল বের করেন। নুর আহম্মেদ সড়ক থেকে মিছিল শুরু করে নেভাল মোড়, লাভ লেইন হয়ে কাজীর দেউরী মোড় হয়ে পুনরায় নাসিমন ভবনে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।