চট্টগ্রামে বিএনপিকর্মীদের হামলায় ওসিসহ ৪ পুলিশ আহত
অবরোধের মধ্যে গাড়ি ভাঙচুর ঠেকাতে গিয়ে বিএনপিকর্মীদের হামলার মুখে পড়েন পুলিশ সদস্যরা।
চট্টগ্রামের আনোয়ারায় বিএনপি কর্মীদের সঙ্গে সংঘর্ষে ওসিসহ চার পুলিশ সদস্য আহত হয়েছেন।
বুধবার দুপুরে আনোয়ারা উপজেলার চাতুরি এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- আনোয়ারা থানার ওসি সোহেল আহম্মেদ, পরিদর্শক (তদন্ত) মহিউদ্দিন আহম্মেদ, নায়েক নাজিউর রহমান ও কসস্টেবল বিজয় কেতন।
চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) সোহানুর রহমান সোহাগ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চাতুরি চৌমুহুনী থেকে শহরগামী সড়কে অবরোধকারীরা গাড়ি ভাঙচুর করছে, এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
“এসময় অবোধকারীরা পুলিশকে লক্ষ্য করে হামলা চালায় এবং পুলিশের গাড়ি ভাঙচুর করে। এসময় ওসিসহ চার জন আহত হয়েছেন।”
হামলাকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ ফাঁকা গুলি ছুঁড়েছে বলে জানান তিনি।
ওসি সোহেলের আঘাত গুরুতর জানিয়ে সহকারী পুলিশ সুপার সোহাগ বলেন, তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
