২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধুর ম্যুরাল, মুক্তিযুদ্ধের চিত্রকর্ম ভাঙচুর: জড়িতদের শাস্তি দাবি

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ মিছিল ও সমাবেশ করেছে; বিবৃতি দিয়েছে সিটি করপোরেশন ও ১৪ দল

বঙ্গবন্ধুর ম্যুরাল, মুক্তিযুদ্ধের চিত্রকর্ম ভাঙচুর: জড়িতদের শাস্তি দাবি

জামালখানে ভাঙচুর করা বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ম্যুরাল বুধবার রাতে দেখতে যান নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2023, 10:00 PM

Updated : 15 Jun 2023, 10:00 PM

চট্টগ্রাম মহানগরীর জামালখানে বঙ্গবন্ধুর ম্যুরালসহ মুক্তিযুদ্ধের ইতিহাস নির্ভর চিত্রকর্ম ভাঙচুরে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী। 

বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে এই দাবি জানান চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলররা। 

বিবৃতিতে তারা বলেন, “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিপ্লবী জীবনের ইতিহাসকে তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে জামালখানে বঙ্গবন্ধুর ম্যুরালসহ ৫০টি চিত্রকর্ম স্থাপন করা হয়। 

“বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দেশকে উন্নয়নের স্বর্ণশিখরে নিয়ে যাচ্ছেন তখন দুষ্কৃতিকারীরা বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুরের মাধ্যমে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির অপপ্রয়াস চালাচ্ছে। 

“বঙ্গবন্ধু কেবল রাজনৈতিক দলের নেতা নন, তিনি আমাদের জাতির পিতা। তার সাথে দেশের স্বাধীনতার অস্তিত্ব জড়িত। মূলত যারা দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না তারাই আমাদের স্বাধীনতার চেতনার উৎস বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুরের মতো ঘৃণ্য কাজ করেছে। 

“জাতির পিতার প্রতি এই অবমাননামূলক ধৃষ্টতার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।” 

বিবৃতিতে মেয়র ও কাউন্সিলররা এই ভাঙচুরের জন্য বিএনপি ও এর সহযোগী সংগঠন যুবদল, ছাত্রদলকে দায়ী করেন এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। 

বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ম্যুরাল ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে নগর যুবলীগও। 

নগরীর জামালখানে এম এ হাশেম চত্বরে এই সমাবেশে নগর যুবলীগ সভাপতি মাহবুবুল হক সুমন বলেন, “তারুণ্যের সমাবেশের নামে বিএনপি-জামায়াত উন্মাদনা সৃষ্টি করে চট্টগ্রামের মাটিতে ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টায় লিপ্ত। 

“বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ম্যুরাল ভাঙচুর করে তারা প্রমাণ করেছে তারা মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তি। বীর চট্টলায় কোন অপশক্তিকে আগামীতে আন্দোলনের নামে ধ্বংসাত্মক কর্মকাণ্ড করতে দেওয়া হবে না।” 

নগর যুবলীগের সাধারণ সম্পাদক দিদারুল আলমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সহ-সভাপতি নুরুল আনোয়ার, বেলায়েত হোসেন বেলাল, আঞ্জুমান আরা, হেলাল উদ্দিন আহমদ, মো. ওয়াসিম উদ্দিন চৌধুরী ও সাখাওয়াত হোসেন সাকু, যুগ্মসম্পাদক দিদারুল আলম দিদার, ইসতিয়াক আহমদ চৌধুরী ও সাইফুদ্দিন আহমেদ। 

এদিকে এই ঘটনায় চট্টগ্রামে ১৪ দল বিবৃতি দিয়ে হামলা ও ভাঙচুরের ঘটনার নিন্দা জানিয়েছে। 

বিবৃতিতে ১৪ দলের নেতারা বলেন, “বিএনপির অঙ্গসংগঠনের আয়োজিত তারুণ্যের সমাবেশে যোগদানকালে কোন রকম উস্কানি ছাড়াই বিএনপির সন্ত্রাসীরা জামালখান মোড়ে স্থাপিত বঙ্গবন্ধুর স্থিরচিত্রসহ ম্যুরাল, নৌকা প্রতীক ও অন্যান্য স্থাপনায় অতর্কিতে হামলা ও ভাঙচুর চালায়। 

Image

ম্যুরাল ভাঙচুরের প্রতিবাদে চট্টগ্রাম নগর স্বেচ্ছাসেবক লীগের বিক্ষোভ সমাবেশে সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী।

“আমরা মনে করি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি এবং তাদের দোসর জামায়াত স্বরূপে আত্মপ্রকাশ করতে চায়। জামালখানের ঘটনা তাদের একটি রিহার্সেল বলা চলে। ন্যাক্কারজনক এ ঘটনাটিকে কোনভাবেই বিচ্ছিন্ন ঘটনা ভাবার কোন অবকাশ নেই।” 

১৪ দলের নেতারা বলেন, “আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে পারি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি এবং তার মিত্ররা দেশে পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। চট্টগ্রাম মহানগর ১৪ দল কাপুরুষোচিত এবং ন্যাক্কারজনক এ ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছে। 

“মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন বর্তমান সরকারকে ক্ষমতাচ্যুত করতে ইতোমধ্যে দেশি-বিদেশি চক্রান্ত শুরু হয়েছে। একটি তৃতীয় দেশের রাষ্ট্রদূত সম্পূর্ণ কুটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন করে প্রতিদিন রাজনৈতিক বক্তব্য প্রদান করে চলছেন যা কাম্য নয়। 

“সে দেশটি ১৯৭১ সালে প্রকাশ্যে এ দেশের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল। ১৯৭৪ সালে পরিকল্পিতভাবে দুর্ভিক্ষ সৃষ্টি করে দেশের মানুষকে কষ্ট দিয়েছিল সেই দেশটি। সেই দেশটি এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃত সন্ত্রাসী সংগঠন বিএনপি এবং একাত্তরের মানবতাবিরোধী অপরাধে সংশ্লিষ্ট জামায়াতের কাঁধে সওয়ার হয়েছে। এদের রুখে দেওয়ার এখনই সময়।” 

বিবৃতিদাতারা হলেন- চট্টগ্রাম মহানগর ১৪ দলের সমন্বয়ক ও চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম সুজন, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জসিমুদ্দিন বাবুল, জাসদ চট্টগ্রাম মহানগর সভাপতি অভীক ওসমান, ওয়াকার্স পার্টির চট্টগ্রাম জেলা সভাপতি অ্যাডভোকেট আবু হানিফ, সাধারণ সম্পাদক শরীফ চৌহান, ন্যাপ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি গাজী আলমগীর কবীর, সাংগঠনিক সম্পাদক মিটুল দাশগুপ্ত, তরীকত ফেডারেশনের কাজী আহসানুল মোরশেদ কাদেরী, গণআজাদী লীগ চট্টগ্রাম মহানগর কমিটির আহ্বায়ক মাওলানা নজরুল ইসলাম আশরাফী, সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম, ন্যাপ মহানগর কমিটির সাধারণ সম্পাদক ফয়েজ উল্লাহ মজুমদার, জাতীয় পার্টি (জেপি) সাধারণ সম্পাদক ডা. বেলাল মৃধা, সাম্যবাদী দলের আহবায়ক অমূল্য বড়ুয়া, গণতন্ত্রী পার্টির স্বপন সেন প্রমুখ।

Image

ম্যুরাল ভাঙচুরের প্রতিবাদে চট্টগ্রাম নগর যুবলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ।

এরআগে ‍বুধবার রাতেই ঘটনাস্থলে বিক্ষোভ মিছিল করে নগর আওয়ামী লীগ। 

বুধবার রাতে নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন এক যুক্ত বিবৃতিতে বলেন, “এই ভাঙচুর একটা বড় অশনি সংকেত। জামায়াত-শিবিরকে সামনে রেখেই বিএনপি মাঠে নেমেছে। 

“আগামী সংসদ নির্বাচন সামনে রেখে দেশি-বিদেশি ষড়যন্ত্রে বাংলাদেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে। এ ঘটনা তার মহড়া। আর কোনোভাবেই তাদের ছাড় দেওয়া হবে না। তাদের কঠোরভাবে প্রতিহত করা হবে।” 

এদিকে বৃহস্পতিবার বিকালে চট্টগ্রাম প্রেসক্লাব প্রাঙ্গনে প্রতিবাদ সমাবেশ করে নগর স্বেচ্ছাসেবক লীগ। সেখানে বক্তব্য রাখেন সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী, নগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ।