১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আইনজীবী প্রদীপ চৌধুরীর জামিন

একটি অনুষ্ঠান থেকে ফেরার পথে মঙ্গলবার রাতে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

আইনজীবী প্রদীপ চৌধুরীর জামিন
আইনজীবী প্রদীপ চৌধুরী।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2025, 05:49 PM

Updated : 26 Aug 2026, 05:14 PM

হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক আইনজীবী প্রদীপ চৌধুরী জামিন পেয়েছেন। 

বুধবার চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মনিরুল ইসলামের আদালত তাকে জামিন দেয়। 

এর আগে মঙ্গলবার রাতে নগরীর জেএম সেন হলে পার্বত্য শান্তি চুক্তির ২৮তম বর্ষপূর্তি অনুষ্ঠানে থেকে ফেরার পথে প্রদীপ চৌধুরীকে গ্রেপ্তার করে পুলিশ। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে প্রদীপ চৌধুরীর আইনজীবী শামসুল ইসলাম কালাম বলেন, “মামলার এজাহারে প্রদীপ চৌধুরীর নাম নেই। একজন আইনজীবী হিসেবে আদালত ওনার জামিন মঞ্জুর করেছেন। আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের জিম্মায় ওনাকে জামিন দেওয়া হয়েছে।” 

আদালতে উপস্থিত আইনজীবীরা বলেন, প্রদীপ চৌধুরীর জামিন শুনানিতে শতাধিক আইনজীবী অংশগ্রহণ করেন।

এর আগে পুলিশের তরফে বলা হয়, গত বছর বৈষম্যবিরোধী আন্দোলনে হওয়া কোতোয়ালী থানার একটি মামলায় প্রদীপ চৌধুরী ‘তদন্তে প্রাপ্ত’ আসামি। 

প্রদীপ চৌধুরীর গ্রেপ্তারে উদ্বেগ জানিয়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এক বিবৃতিতে তার মুক্তির দাবি জানিয়েছিল। 

বিবৃতিতে বলা হয়, পুলিশ সদস্যরা তাকে ‘জোর করে’ গাড়িতে তুলে কোতোয়ালী থানায় নিয়ে যায়।

থানায় নেওয়ার ৫ ঘণ্টা পর রাত ১১টা পর্যন্ত কী কারণে প্রদীপ চৌধুরীকে ধরে নেওয়া হয়েছে তার কারণ পুলিশ ‘জানাতে পারেনি বলে বিবৃতিতে অভিযোগ তোলা হয়েছিল। 

সংগঠনটির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য পরিমল কান্তি চৌধুরী, রনজিত কুমার দে ও জিনবোধি ভিক্ষু এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তার মুক্তির দাবি জানান। 

প্রদীপ চৌধুরীকে আটকের বিষয়ে কোতোয়ালী থানার ওসি আবদুল করিম বুধবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্বে আছেন। গত বছর বৈষম্যবিরোধী আন্দোলনে হওয়া কোতোয়ালী থানার একটি মামলায় তিনি ‘তদন্তে প্রাপ্ত’ আসামি। 

এ মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

আরও পড়ুন

আইনজীবী প্রদীপ চৌধুরীকে গ্রেপ্তারে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের উদ্বেগ