অভিনন্দনের ব্যানার ছিঁড়ে পরিচ্ছন্ন নগর চাইলেন মেয়র শাহাদাত
চট্টগ্রাম সিটি করপোরেশন জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন, চট্টগ্রাম মহানগরী শহীদ জিয়া স্মৃতি সংসদ এবং সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগের জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারীদের লাগানো ব্যানার খুলে ফেলেন মেয়র।
চট্টগ্রামের মেয়র হওয়ায় শাহাদাত হোসেনকে অভিনন্দন জানিয়ে লাগানো হয়েছিল ব্যানার, সেই ব্যানার নিজ হাতে ছিঁড়ে নগরীর কোথাও ব্যানার-পোস্টার না লাগানোর আহ্বান জানিয়েছেন তিনি।
বুধবার বিকেলে নগরীর টাইগার পাসে অস্থায়ী নগর ভবনের সামনে শুভেচ্ছা জানিয়ে টাঙানো ব্যানার ও পোস্টার ছিঁড়ে ফেলেন শাহাদাত হোসেন।
এসময় তিনি চট্টগ্রাম সিটি করপোরেশন জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন, চট্টগ্রাম মহানগরী শহীদ জিয়া স্মৃতি সংসদ এবং সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগের জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারীদের লাগানো ব্যানার খুলে ফেলেন।
ডা. শাহাদাত বলেন, “আমি বলেছি, আপনারা কেউ ব্যানার পোস্টার লাগাবেন না। এই শহরকে সুন্দর রাখুন, পরিচ্ছন্ন রাখুন। নালার মধ্যে কোন কাগজ, বোতল, প্লাস্টিক, পলিথিন কিছুই ফেলবেন না। আপনার শহরকে আপনার পরিষ্কার রাখতে হবে।
“আমি মেয়র নির্বাচিত হয়েছি এজন্য আপনারা আমাকে অভিনন্দন জানিয়েছেন। আপনাদের ইমোশনকে আমি সম্মান জানাচ্ছি, আপনারা আমাকে ভালোবাসেন। আপনাদের এ ভালোবাসার দাম কতটুকু আমি দিতে পারব জানি না। কিন্তু এর প্রেক্ষিতে আপনারা যে ব্যানার পোস্টার লাগিয়েছেন, এখন থেকে সেটা খুলে ফেলবেন। শহরকে সুন্দর রেখে আমাকে ভালোবাসুন।”
মেয়র বলেন, “আমি সাত দিন আগেও বলেছি। কিন্তু এর মধ্যে আমি প্রত্যেকটা জায়গায় দেখেছি, এখনো ব্যানার রয়ে গেছে। পোস্টার রয়ে গেছে। ওই ব্যানার-পোস্টার সব নিয়ে নেবেন।
“পাশাপাশি অন্যান্য ব্যানার ও পোস্টার যেগুলো আছে, অন্য কারো নামে, সেগুলো আপনারা পরিষ্কার করে ফেলবেন। আমি আপনাদেরকে যেটা বলতে চাই, সবাইকে সুন্দরভাবে এই শহরকে পরিষ্কার রাখতে হবে। পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই।”
মেয়র শাহাদাত বলেন, “আমি চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তাকে গত এক সপ্তাহ আগে ইন্সট্রাকশন দিয়েছি। এখন উনাকে বলছি যে, সমস্ত ব্যানার পোস্টার শুধু এখানে নয়, সারা চট্টগ্রাম শহরে যত ব্যানার পোস্টার সবগুলো ক্লিয়ার হয়ে যাক।”
এসময় সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার লতিফুল হক কাজমীকে নগরীর ৪১টি ওয়ার্ডে সড়ক, অলি-গলিতে যত ব্যানার, পোস্টার, ফেস্টুন দ্রুততার সাথে অপসারণ করার নির্দেশনা মেয়র।
