১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রাম-কক্সবাজারের ২ ট্রেনের সূচি পাল্টাচ্ছে

যাত্রী চাহিদা ও সময়ানুবর্তিতা রক্ষায় পরীক্ষামূলকভাবে সূচিতে পরিবর্তনের কথা বলছে রেলওয়ে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2025, 07:07 PM

Updated : 26 Aug 2026, 01:29 PM

চট্টগ্রাম-কক্সবাজারের পথে চলাচলকারী সৈকত এক্সপ্রেস ও প্রবাল এক্সপ্রেস ট্রেন ছাড়ার সূচি খানিকটা এগিয়ে আনা হচ্ছে।

সৈকত এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম থেকে প্রতিদিন সকাল ৬টা ১৫ মিনিটে ছাড়লেও নতুন সূচি অনুযায়ী ৫টা ৫০ মিনিটে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যাবে। আর প্রবাল এক্সপ্রেস কক্সবাজার থেকে সকাল ১০টা ২০ মিনিটের পরিবর্তে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেবে সকাল ১০টায়।

নতুন সূচি আগামী ১০ অগাস্ট থেকে কার্যকর হবে বলে পূর্ব রেলের বিভাগীয় ব্যবস্থাপক এবিএম কামরুজ্জামান জানিয়েছেন।

পূর্ব রেলের এসিওপিএস মো. আবু বক্কর সিদ্দিকীর স্বাক্ষরে এক সার্কুলারে বলা হয়েছে, সম্প্রতি যাত্রী চাহিদার পরিপ্রেক্ষিতে ও সময়ানুবর্তিতা রক্ষায় চট্টগ্রাম-কক্সবাজার রুটে চলাচলকারী ট্রেন দুটির সময়ে পরীক্ষামূলকভাবে পরিবর্তন আনা হয়েছে।

২০২৪ সালের ৮ এপ্রিল থেকে চট্টগ্রাম-কক্সবাজারের পথে এক জোড়া বিশেষ ট্রেন চালু হয়। ইঞ্জিন ও কোচ সংকটের কথা বলে এর প্রায় দুই মাস পর ৩০ মে তা বন্ধ করে দেওয়া হয়।

তবে স্থানীয় লোকজনের দাবির মুখে রেলওয়ে তার অবস্থান থেকে সরে এসে ওই বছরের ১২ জুন থেকে ট্রেন দুটি আবার চালু করে। ট্রেন দুটি এ বছরের ১ ফেব্রুয়ারি থেকে নিয়মিত চলছে।

সৈকত এক্সপ্রেস যাত্রাপথে ষোলশহর, জানালী হাট, পটিয়া, দোহাজারী, সাতকানিয়া, চকরিয়া, ডুলাহাজরা ও রামু স্টেশনে বিরতি দেয়।

আর প্রবাল এক্সপ্রেস ষোলশহর, গোমদণ্ডী, পটিয়া, দোহাজারী, সাতকানিয়া, লোহাগাড়া, চকরিয়া, ডুলহাজারা, ইসলামাবাদ ও রামু স্টেশনে থামে।