Published : 15 Mar 2026, 11:33 PM
চট্টগ্রামের বাঁশখালীতে একটি ইটভাটার পাশের বসতঘরে আগুনে দগ্ধ হয়ে ভাই-বোনের মৃত্যু হয়েছে।
রোববার বিকালে বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নের লটমনি এলাকার একটি ইটভাটার পাশের বসতঘরে আগুনের এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
তবে কীভাবে সেখানে আগুন লাগল, তা ফায়ার সার্ভিস জানাতে পারেনি।
মারা যাওয়া ১৪ বছর বয়সি জাহেদা বেগম ও ৩ বছরের আবদুল মালেক লোহাগাড়া উপজেলার আধুনগর এলাকার মোহাম্মদ হাসানের সন্তান।
তাদের মা স্থানীয় ‘এইচ সি ব্রিক ফিল্ডসে’ শ্রমিক হিসেবে কাজ করতেন জানিয়ে বাঁশখালী থানার ওসি খালেদ সাইফুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইটভাটার পাশে টিনের বসতঘরে তারা বসবাস করতেন।
তিনি বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ভাই-বোনের দগ্ধ লাশ উদ্ধার করে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ জানায়, বিকাল ৪টা ৪৮ মিনিটে আগুনের তথ্য পেয়ে সাতকানিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে বসতঘরের ভেতর থেকে ভাই-বোনের লাশ উদ্ধার করে।
নিয়ন্ত্রণ কক্ষ থেকে বলা হয়, সন্ধ্যা ৬টার দিকে ওই বসতঘরের আগুন সম্পূর্ণ নেভানো সম্ভাব হয়েছে।