চট্টগ্রামে ২ বছর বয়সী সৎ ছেলেকে হত্যা, গ্রেপ্তার যুবক
এ ঘটনায় নিহত শিশুর মা ইপিজেড থানায় মামলা করেছেন।
চট্টগ্রাম নগরীতে দুই বছরের শিশুকে হত্যার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ; যিনি ওই শিশুটির মায়ের তৃতীয় স্বামী।
নগরীর ইপিজেড থানার আকমল আলী রোডের পকেট গেইট এলাকা থেকে শনিবার ওই যুবককে গ্রেপ্তারে করা হয় বলে ইপিজেড থানার ওসি মোহাম্মদ হোসেন জানান।
২৪ বছর বয়সী ওই যুবকের নাম মো. ইয়ামিন, যিনি চট্টগ্রামে রাজমিস্ত্রীর কাজ করতেন। তার বাড়ি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায়।
নিহত শিশুটির মা রওশন আরা বেগম নগরীতে একটি পোশাক কারখানায় চাকরি করেন। ইয়ামিনকে পুলিশের কাছে তার তৃতীয় স্বামী হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন তিনি।
ওসি মোহাম্মদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুই বছর বয়সী সন্তানকে ইয়ামিনের কাছে রেখে কাজে গিয়েছিলেন রওশন।
“বিকালে রওশন বাসায় ফিরে সন্তানকে অজ্ঞান অবস্থায় দেখে তাকে মা ও শিশু হাসপাতালে নিয়ে যান। সে সময় ইয়ামিনই সঙ্গে ছিলেন।”
শিশুটির অবস্থা ‘গুরুতর’ হওয়ায় ওই হাসপাতাল থেকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। এরপর সেখানে আইসিইউতে নেওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু আইসিইউ বেড খালি না থাকায় শিশুটিকে তখন আরেকটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয় বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
ওসি হোসেন বলেন, “গত শনিবার বাসায় আনার পর শিশুটির দাফনের প্রস্তুতি নিলে রওশন চিৎকার করে কান্নাকাটি শুরু করে। তখন প্রতিবেশীরা জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে এ ঘটনা জানায়। পরে পুলিশ গিয়ে ইয়ামিনকে আটক করে।”
এ ঘটনায় নিহত শিশুর মা রওশন আরা ইপিজেড থানায় ইয়ামিনকে আসামি করে থানায় একটি মামলা করেছেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, “গত ৭ ডিসেম্বর শিশু সন্তানকে বাসায় রেখে রওশন কাজে গেলে, ইয়ামিন শিশুটির শরীরে সিগারেটের ছেঁকা দিয়েছিল।”
রওশনের অভিযোগের বরাত দিয়ে ওসি জানান, ইয়ামিন তার দুই বছর বয়সী সৎ ছেলেকে সহ্য করতে পারতেন না।
