১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

হালদায় মিলল মৃত ডলফিন

আট বছরে উদ্ধার করা হয়েছে ৪৭টি ডলফিনের মরদেহ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2025, 02:24 PM

Updated : 26 Aug 2026, 05:20 PM

চট্টগ্রামে হালদা নদীর রামদাস মুন্সীর হাট এলাকা থেকে একটি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে। 

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে নৌপুলিশ ডলফিনটি উদ্ধার করে। এ নিয়ে চলতি বছর চারটি মৃত ডলফিন পাওয়া গেল। 

নৌ-পুলিশ ফাঁড়ির এসআই রমজান আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের ফাঁড়ির কাছে নদীতে জোয়ারে ভাসছিল ডলফিনটির মৃতদেহ। দেখতে পেয়ে সেটি আমরা উদ্ধার করেছি। 

“ডলফিনটির শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। এটি ৫ ফুটের মতো লম্বা হবে। ওজন আনুমানিক ৩৫ থেকে ৩৮ কেজি। এত বড় ডলফিন আমি আগে দেখিনি। ডলফিনটি প্রাপ্তবয়স্ক বলেই মনে হচ্ছে।”

ডলফিন উদ্ধারের বিষয়টি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরিকে জানানো হয়েছে জানিয়ে এসআই রমজান আলী বলেন, “উনারা আসার পর দেখে সিদ্ধান্ত নেবেন, এটি কী করা হবে। ডলফিনটির শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই।”

জানতে চাইলে হালদা রিসার্চ ল্যাবরেটরির সমন্বয়কারী ও বেসরকারি বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মনজুরুল কিবরিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের ল্যাবরেটরির একটি টিম ঘটনাস্থলে যাচ্ছে। তারা দেখে পরবর্তী করণীয় নির্ধারণ করবে।” 

২০১৭ সালের সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত হালদায় ৪৭টি ডলফিনের মরদেহ পাওয়া গেছে বলে জানান গবেষক মনজুরুল কিবরিয়া। 

এর আগে গত ২৫ অগাস্ট হালদা নদীর কাটাখালী খাল থেকে একটি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছিল। তার আগে চলতি বছরের ১২ ফেব্রুয়ারি চট্টগ্রামের রাউজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের কাগতিয়া খালে একটি মৃত ডলফিন পাওয়া গিয়েছিল। 

এর আগে ৫ ফেব্রুয়ারি রাউজান উপজেলার বিনাজুরি ইউনিয়নের সিপাহিঘাট এলাকায় হালদা নদী থেকে আরেকটি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছিল। 

২০২৪ সালেও হালদায় মোট চারটি মৃত ডলফিন পাওয়া গিয়েছিল। 

দক্ষিণ এশিয়ায় কার্প জাতীয় মাছের অন্যতম প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র হালদা নদী। এই নদী দেশের মিঠাপানির ডলফিনেরও অন্যতম প্রধান বিচরণ ক্ষেত্র।

এক সময় কর্ণফুলী নদীতেও ডলফিনের আনাগোনা ছিল। তবে দূষণের কারণে এখন তা খুবই কমে গেছে।

আরও পড়ুন

হালদায় ফের মৃত ডলফিন

দেড় মাসের মাথায় হালদায় ফের ডলফিনের মৃত্যু

হালদায় ভাসছিল মৃত ডলফিন

মা মাছ আর ডলফিন মরে ভাসছিল হালদায়

হালদায় এক সপ্তাহে ভেসে এল দুটি মৃত ডলফিন

হালদায় আরেকটি ডলফিনের মৃত্যু, কারণ অনুসন্ধানের পরামর্শ

হালদায় একটি ডলফিন হত্যা