Published : 22 Apr 2026, 06:32 PM
চট্টগ্রাম অঞ্চলে ‘তুমুল জনপ্রিয়’ বলী খেলার (এক ধরনের কুস্তি) প্রচলন করেছিলেন যিনি, সেই ব্যবসায়ী আব্দুল জব্বারের নামানুসারে ঐতিহাসিক লালদীঘি মোড়ের নতুন নামকরণ করা হয়েছে ‘জব্বার চত্বর’।
বুধবার চত্বরে এই নামাঙ্কিত মুর্যালের উদ্বোধন করেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।
এই লালদীঘি মাঠেই শনিবার বসছে ঐতিহাসিক জব্বারের বলী খেলার ১১৭তম আসর। এর আগে শুক্রবার থেকে শুরু হবে বৈশাখী মেলা।
জব্বার চত্বরের ত্রিভুজ আকৃতির ম্যুরালটির এক পাশে রাখা হয়েছে টেরাকোটার তৈরি বলী খেলার প্রতিকৃতি, আরেকপাশে হাতুড়ির প্রতিকৃতি দিয়ে ‘ন্যায় বিচারের পীঠস্থান’। আর অপর পাশে রয়েছে একইরকম টেরাকোটার তৈরি দুই হাতে শেকল ভাঙার প্রতিকৃতি দিয়ে লালদীঘির ইতিহাস।
চট্টগ্রামের বদরপতি এলাকার ধনাঢ্য ব্যবসায়ী আব্দুল জব্বার সওদাগর ১৯০৯ সালে ব্রিটিশবিরোধী আন্দোলনে এ অঞ্চলের যুবকদের মধ্যে বিপ্লবী মনোভাব তৈরি ও সংগঠিত করতে লালদীঘি মাঠে বলী খেলার প্রচলন করেছিলেন। এর পর থেকে প্রতি বছর বৈশাখ মাসের ১২ তারিখ লালদীঘির মাঠে বলীখেলা এবং বৈশাখী মেলা হয়, যা বর্তমানে চট্টগ্রামের সবচেয়ে পুরনো এবং জনপ্রিয় উৎসবগুলোর একটি।
চত্বরের ম্যুরাল উদ্বোধনের আগে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) লাইব্রেরি অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে মেয়র শাহাদাত হোসেন বলেন, “আমি মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার পর তারা (বলী খেলা ও মেলার আয়োজক কমিটি) আমার কাছে অনুরোধ করেছিল এ চত্বরকে আব্দুল জব্বার চত্বর হিসেবে ঘোষণা করার। আমি তাদের কথা দিয়েছিলাম। আজ সেটার উদ্বোধন হচ্ছে।
“চট্টগ্রামের বলী খেলা নিয়ে সবার স্মৃতি রয়েছে। এ বলী খেলার ইতিহাস পরবর্তী প্রজন্মকে জানাতে হবে।”
এদিকে শুক্রবার থেকে শুরু হতে যাওয়া বৈশাখী মেলা উপলক্ষে এরইমধ্যে উৎসবমুখর হয়ে উঠেছে পুরো এলাকা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে দোকানিরা আসা শুরু করেছেন। লালদীঘি মাঠ সংলগ্ন বিভিন্ন স্থানে তারা মজুদ করতে শুরু করেছেন দোকানের মালামাল।

শনিবার বলী খেলার ১১৭তম আসর সফল করার জন্যও চলছে নানা প্রস্তুতি।
বুধবার সংবাদ সম্মেলনে এবারের বলী খেলার আসরের বিভিন্ন দিক তুলে ধরেন আয়োজক কমিটির সাধারণ সম্পাদক ও আব্দুল জব্বার সওদাগরের নাতি শওকত আনোয়ার বাদল।
লিখিত বক্তব্যে তিনি বলেন, শনিবার বলী খেলার উদ্বোধন করবেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসান শওকত আলী। খেলা শেষে বিজয়ীদের পুরস্কার বিতরণ করবেন সিটি মেয়র শাহাদাত হোসেন। বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান।
বাংলা পঞ্জিকা অনুসারে প্রতিবছর ১২ বৈশাখ লালদীঘি মাঠে অনুষ্ঠিত বলী খেলাকে কেন্দ্র করে হওয়া মেলা রূপ নেয় সার্বজনীন উৎসবে। ১২ বৈশাখ বলী খেলা হলেও আগের দিন ও পরের দিন মিলিয়ে তিন দিনব্যাপী লালদিঘী সংলগ্ন দেড় কিলোমিটার এলাকা জুড়ে বসে এ মেলা।
তবে এবার মেলা হবে দুই দিনের। সংবাদ সম্মেলনে শওকত আনোয়ার বাদল বলেন, ২৬ এপ্রিল এসএসসি পরীক্ষা আছে। মাঠের পাশেই সরকারি মুসলিম হাই স্কুলে পরীক্ষার কেন্দ্র। এ কারণে রোববার ভোরেই মেলা শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি বলেন, “মেলা উপলক্ষে পুলিশের পক্ষ থেকে ওয়াচ টাওয়ার স্থাপনসহ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকের নেতৃত্বে প্রয়োজনীয় সংখ্যক মেডিকেল টিম ও ফায়ার সার্ভিসের গাড়ি স্ট্যান্ডবাই রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
অন্যদের মধ্যে বলী খেলা আয়োজক কমিটির সভাপতি হাফিজুর রহমান সংবাদ সম্মেলনে বক্তব্য দেন।