চট্টগ্রামে জমির বিরোধে সংঘর্ষ, মা-ছেলে নিহত
দুই প্রতিবেশীর মধ্যে ঘটে এই সংঘাত, যাতে হল প্রাণক্ষয়।
চট্টগ্রামের শিকলবাহা এলাকায় জমির বিরোধে দুই প্রতিবেশীর সংঘর্ষে এক নারী ও তার ছেলে নিহত হয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যায় শিকলবাহা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মাস্টার পাড়ায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহতরা হলেন- হোসনে আরা বেগম (৫০) ও তার ছেলে মো. পারভেজ (৩০)।
কর্ণফুলী থানার ওসি দুলাল মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাড়ির পাশের রাস্তা নিয়ে প্রতিবেশী এক পরিবারের সঙ্গে দীর্ঘ দিনের বিরোধ চলছিল হোসনে আরার পরিবারের। তা নিয়ে ঘটে এই সংঘাত।
রাস্তায় গাড়ি চলাচল করলে বাড়ির দেয়ালে লাগছে, এ অজুহাতে হোসনে আরার পরিবার রাস্তায় গাড়ি চলাচল না করার জন্য পিলার বসানোর চেষ্টা করে। প্রতিবেশী পরিবারের সদস্যরা তাতে আপত্তি তোলে। এ নিয়ে গত ৫ এপ্রিল একবার দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছিল। বিষয়টি নিয়ে হোসনে আরা থানায় একটি মামলাও করেছিল।
মামলার পর আসামিরা আদালত থেকে জামিন নিয়েছিল জানিয়ে ওসি দুলাল মাহমুদ বলেন, “আজ সন্ধ্যায় পুনরায় দুই পক্ষের মধ্যে মারামারি হয়। এতে হোসনে আরাসহ কয়েকজন আহত হয়। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক হোসনে আরা ও তার ছেলে পারভেজকে মৃত ঘোষণা করেন।”
চমেক পুলিশ ফাঁড়ির এসআই নুরে আলম আশেক জানান, হোসনে আরার আরও দুই ছেলে মো. আরজ (২২) ও মো. সিফাত (১৫) আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
