Published : 21 Dec 2023, 09:46 PM
ডিশ ও ইন্টারনেট তারের জঞ্জাল সরিয়ে চট্টগ্রাম নগরের সৌন্দর্য ফেরাতে চান সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী।
তিনি বলেছেন, “বাণিজ্যিক নগরী হিসেবে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে চট্টগ্রামের যে গুরুত্ব আছে তা ম্লান হয়ে যাচ্ছে তারের জঞ্জালের জন্য। নগরীর সৌন্দর্য ও নিরাপত্তার স্বার্থে শৃঙ্খলা প্রতিষ্ঠার মাধ্যমে তারের জঞ্জাল অপসারণ করতে চাই।
“সিটি করপোরেশনের তত্ত্বাবধানে ডিশ, ইন্টারনেট সংযোগ ক্যাবল ব্যবস্থাপনা হলে বৈদ্যুতিক পিলারে দুর্ঘটনা কমবে, শহরের সৌন্দর্য বাড়বে৷ আবার তার কাটা ও চুরি রোধ হওয়ায় ব্যবসায়ীরাও লাভবান হবে।”
বৃহস্পতিবার টাইগার পাসে অস্থায়ী নগর ভবনে ডিশ ও ইন্টারনেট সংযোগ প্রদানকারী বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
নির্বাচনের পর ১৫ জানুয়ারি এ বিষয়ে ফের মতবিনিময় সভা করবেন জানিয়ে মেয়র রেজাউল বলেন, “সবার মতামতের ভিত্তিতে সবাইকে সাথে নিয়ে পহেলা ফেব্রুয়ারি থেকে এ সমস্যা সমাধানে মাঠপর্যায়ে কাজ শুরু করতে চাই।”
সভায় সিটি করপোরেশনের পরিবেশ বিষয়ক স্ট্যান্ডিং কমিটির সভাপতি ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাস সুমন তারের জঞ্জাল অপসারণে ক্যাবল ট্রে ব্যবহারের পরামর্শ দেন।
লালখানবাজার ওয়ার্ডে পরীক্ষামূলকভাবে ড্রেনেজ ব্যবস্থাকে কাজে লাগিয়ে ভূ-গর্ভস্থ কেবল নেটওয়ার্ক গড়ে তোলার জন্য কাজ চলছে বলে জানান পরিচালনা ও রক্ষণাবেক্ষণ বিষয়ক স্ট্যান্ডিং কমিটির সভাপতি ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসনাত মো. বেলাল।
সিটি করপোরেশনের সচিব খালেদ মাহমুদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।