চট্টগ্রামে বাইক চালককে খুন ‘মাদকের টাকা না পেয়ে’
“খোকন ৫০০ টাকা দাবি করেন। সেটা না দেওয়ায় অজিয়রের পেটে ছুরিকাঘাত করেন তিনি,” বলেন বন্দর থানার ওসি।
চট্টগ্রামে মাদক কেনার জন্য টাকা চেয়ে না পেয়ে ‘পাঠাও‘ চালক অজিয়র রহমানকে ছুরিকাঘাতে হত্যা করা হয় বলে দাবি করেছে পুলিশ।
চট্টগ্রামের পোর্ট কলোনি এলাকার সড়কে শনিবার রাতে খুন হন মোটরসাইকেল চালক অজিয়র রহমান (৩৬)।
এ ঘটনায় পুলিশ মঙ্গলবার রাতে নগরীর ডবলমুরিং থানার পানওয়ালাপাড়া এলাকা থেকে শহীদুল ইসলাম খোকনকে (৪৫) গ্রেপ্তার করে।
বন্দর থানার ওসি আবদুর রহিম বিডিনিউজ টোয়েন্টিফেঅর ডটকমকে বলেন, শেয়ার রাইডিং কোম্পানি ‘পাঠাও’-এর মাধ্যমে বাইক চালাতেন অজিয়র রহমান।
“তিনি হালিশহর থানার বুইল্লা কলোনি কলাবাগান দিয়ে যাওয়ার সময় খোকনকে দেখে থামেন এবং সে কোথাও যাবে কিনা, তা জিজ্ঞেস করেন।”
ওসি বলেন, “এসময় খোকন ইয়াবা কেনার জন্য মোটরসাইকেল চালকের কাছ থেকে ৫০০টাকা দাবি করেন। কিন্তু টাকা না দিয়ে চলে যেতে লাগলে ছুরি দিয়ে অজিয়র পেটে আঘাত করেন খোকন।”
ওসি বলেন, “ছুরিকাঘাতের পর অজিয়র বন্দর থানার নতুন পোর্ট মার্কেট জামে মসজিদের বিপরীত পাশে মোটরসাইকেল থেকে পড়ে যান। পরে স্থানীয় হাসপাতালে তার মৃত্যু হয়।”
খোকনের বাড়ি নোয়াখালীর হাতিয়ায়। তিনি নগরীর ডবলমুরিং থানার মনসুরাবাদ এলাকায় থাকতেন। তার বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় অস্ত্র ও মাদক আইনে পাঁচটি মামলা রয়েছে।
