পুরনো হত্যা মামলায় ডেভিড ইমনকে গ্রেপ্তার দেখানো হল
তিনি চট্টগ্রামের জোড়া খুনসহ অন্তত ১৮ মামলার আসামি।
দুই বছর আগে চট্টগ্রাম নগরীতে ব্যবসায়ী আফতাব উদ্দিন তাহসিন হত্যা মামলায় আলোচিত ‘সন্ত্রাসী’ মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছে আদালত।
পুলিশের করা আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার এ আদেশ দেন চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফাহমিদা সাত্তার।
চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-কমিশনার (প্রসিকিউশন) মোহাম্মদ হাসান ইকবাল চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “২০২৪ সালের ২১ অক্টোবর চান্দগাঁও এলাকায় আফতাব উদ্দিন তাহসিন হত্যা মামলায় এজাহার নামীয় আসামি মোবারক হোসেন ইমন।
“সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করলে শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন।”
২০২৪ সালের ২১ অক্টোবর বিকালে চান্দগাঁও থানার শমসের পাড়া এলাকায় সন্ত্রাসীরা মাইক্রোবাসে চেপে এসে ইট-বালু ব্যবসায়ী আফতাব হোসেন তাহসিনকে গুলি করে মেরে ফেলে।
ওই ঘটনায় নিহত তাহসিনের বাবা বাদী হয়ে সন্ত্রাসী সাজ্জাদ হোসেন, মোবারক হোসেন ইমনসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করেছিলেন।
এর আগে গত ১২ অগাস্ট হাটহাজারী থানার একটি চাঁদাবাজির মামলায় ডেভিড ইমনকে পাঁচদিনের রিমান্ডে পেয়েছিল পুলিশ।
২ অগাস্ট ডেভিড ইমনকে ফটিকছড়ি থানার একটি হত্যা মামলায় পাঁচদিন ও অন্য একটি অস্ত্র মামলায় পাঁচদিন রিমান্ডে পেয়েছিল পুলিশ।
মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমন চট্টগ্রামের জোড়া খুনসহ অন্তত ১৮ মামলার আসামি। ২৯ জুলাই ভোরে নড়াইল-যশোর সড়কের ঝুমঝুম এলাকায় একটি কার থেকে তিন সহযোগীসহ তাকে গ্রেপ্তারের তথ্য দেয় পুলিশ। পরদিন ডেভিড ইমনকে তিনটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।
# বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/আরআর
আরও পড়ুন
