চট্টগ্রামে চালের আড়তে অভিযান, জরিমানা
দুটি দোকানকে তিন লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
চাল বিক্রিতে ওজনে কম দেওয়া এবং অনান্য অনিয়মের অভিযোগে চট্টগ্রামের দুটি আড়ৎকে তিন লাখ টাকার বেশি জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার পাহাড়তলী বাজারে অভিযান চালায় অধিদপ্তর। চট্টগ্রাম অঞ্চলের উপ-পরিচালক ফয়েজ উল্লাহর দেওয়া নেতৃত্বে ওই অভিযানে যমুনা রাইস এজেন্সি এবং ন্যাশনাল রাইস এজেন্সিকে অনিয়মের দায়ে তিন লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
ফয়েজ উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যমুনা রাইস এজেন্সি নামের আড়ৎটিতে বগুড়ার একটি রাইস মিলের বস্তার ভেতরে অন্য জাতের চাল প্যাকেটজাত করে বিক্রি করা হচ্ছিল এবং ওজনেও কারচুপি করায় আড়াই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
“মূল্য তালিকা যথাযথভাবে সংরক্ষণ না করা এবং বেশি দামে চাল বিক্রির চন্য ন্যাশনাল রাইস এজেন্সিকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।”
এছাড়া বাজারের সতেজ ডিপার্টমেন্টাল স্টোরে বেশি দামে এবং মোয়াদোত্তীর্ণ ও বেনামি পণ্য বিক্রির জন্য ১০ হাজার টাকা জরিমানা করে অধিদপ্তর।
ওই অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের সহকারী পরিচালক জনাব আনিছুর রহমান ও দিদার হোসেনও উপস্থিত ছিলেন।এই কাজে সহায়তা করেছে চট্টগ্রাম পুলিশের একটি দল।
