বিএনপি শেষ পর্যন্ত নির্বাচনে আসবে: নওফেল
“আদালতের রায় এবং সাংবিধানিকভাবে তত্ত্বাবধায়ক সরকারের দাবি পূরণের কোনও সুযোগ নেই,” বলেন আ জ ম নাছির।
এখন ‘ধানাই পানাই’ করলেও শেষ পর্যন্ত বিএনপি নির্বাচনে আসবে বলে মন্তব্য করেছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
তিনি বলেছেন, “বিএনপি আসুক না আসুক বহু রাজনৈতিক দল আছে, তাদের নিয়ে নির্বাচন করতে পারব। বিএনপি আসবে। এখন ধানাই পানাই করছে। শেষ পর্যন্ত আসবে।”
শনিবার চট্টগ্রাম নগরীর ৩১ নম্বর আলকরণ ওয়ার্ড আওয়ামী লীগের কাউন্সিলে দেওয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
নওফেল বলেন, “মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে গিয়ে ধরনা দিচ্ছে বিএনপি। তারা খুব ভালো করেই জানে, মার্কিন যুক্তরাষ্ট্র শেখ হাসিনার বাংলাদেশে এসে কোনো মাতব্বরি করবে না। ওয়াশিংটনে বসে বসে ভিসা দিব না, ওটা দিব না- এরকম অনেক কথা বলতে পারে।
“বাংলাদেশে এসে মাতবরি জীবনেও তারা করবে না। তাদের স্বার্থ আছে। স্বার্থ অনুযায়ী তারা যাই পাবে, তারপর তারা কিন্তু চুপ হয়ে যাবে।”
তিনি বলেন, “যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির কার্যক্রম ঠেকানোর জন্য তারা অনেক চেষ্টা করেছে। তারা তুরস্কের রাষ্ট্রপতিকে দিয়ে চিঠি লিখিয়েছে। কিন্তু শেখ হাসিনার সরকার কারও কথা শুনে নাই। যারাই যুদ্ধাপরাধী তাদের বিচার হয়েছে।“
নগরীর জামাল খানে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর প্রসঙ্গে নওফেল বলেন, “পরিকল্পিতভাবে বাঁশ দিয়ে তারা যেভাবে নিজেদের হিংসার বহিঃপ্রকাশ ঘটিয়েছে, সবাই দেখেছেন। এভাবে করে তারা ২০০১ সালে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা করেছিল। কিন্তু তারা আওয়ামী লীগকে শেষ করতে পারেনি।“
গত বুধবার চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়িতে ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও যুবদলের ‘তারুণ্যের সমাবেশ’ হয়, যেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন।
ওই সমাবেশমুখী একটি মিছিল চট্টগ্রাম কলেজের ফটক অতিক্রমের সময় ছাত্রদলের নেতা-কর্মীদের সঙ্গে ছাত্রলীগের নেতাকর্মীদের সংঘর্ষ বাঁধে। পরে জামালখানে ডা. খাস্তগীর বালিকা বিদ্যালয়ের দেয়ালে স্থাপিত বঙ্গবন্ধুর জীবন-কর্মের আলোকচিত্র নিয়ে তৈরি ম্যুরাল ভাঙচুরের ঘটনা ঘটে।
চট্টগ্রাম মহানগরে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের তালিকা সংগ্রহ করার আহ্বান জানিয়ে নওফেল দলের নেতাকর্মীদের বলেন, “তাদের ঘর কোথায় তা যেন চিহ্নিত করি। আজকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে একটা আঘাত এনেছে। আজকে যদি ওই যুবদলের নেতার বাড়িতে একটা লাল মার্ক দিয়ে দেওয়া হয়, ভুলেও এ কাজটা করবে না।
“প্রতিরোধ কমিটি করে তাদের ঘরবাড়ি চিহ্নিত করতে হবে। হিংসাত্মক কাজ করলে সামাজিকভাবে জবাবদিহিতার আওতায় আনতে হবে।“
সম্মেলনে নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী বলেন, “শেখ হাসিনা সারা বিশ্বে আগ্রাসন বিরোধী একজন মানবতাবাদী নেত্রী। একজন সফল রাষ্ট্রনায়ক হিসেবে তিনি সারা বিশ্বের শোষিত ও নিপীড়িত মানুষের মুক্তির অগ্রদূত হিসেবে আর্বিভূত হয়েছেন। এটা কোন পরাক্রমশালী দেশের সহ্যের কথা নয়।“
নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেন, “দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি জামাত বিশেষ সুবিধা অর্জনের জন্য কথিত ও মৃত তত্ত্বাবধায়ক সরকারের ধুয়ো তুলছে। আদালতের রায় এবং সাংবিধানিকভাবে তত্ত্বাবধায়ক সরকারের দাবি পূরণের কোনও সুযোগ নেই।“
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে গোপন ব্যালটের মাধ্যমে রুহুল আমিন তপনকে সভাপতি ও মো. ইব্রাহিমকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়।
