২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম শহরে বেড়াতে আসা ২ কিশোরী নিখোঁজ

দুই কিশোরী পটিয়া থেকে কাউকে না বলে বেড়াতে এসেছিলেন বহদ্দারহাটে।

চট্টগ্রাম শহরে বেড়াতে আসা ২ কিশোরী নিখোঁজ

চট্টগ্রামের চান্দগাঁও থানা ভবন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2023, 07:56 PM

Updated : 16 Jul 2023, 07:56 PM

চট্টগ্রামের পটিয়া থেকে নগরীর বহদ্দারহাটে খালার বাসায় বেড়াতে এসে নিখোঁজ হয়েছেন মাদ্রাসা পড়ুয়া দুই কিশোরী।

খোঁজাখুঁজি করে চার দিনেও তাদের না পেয়ে গত শনিবার রাতে তাদের সন্ধান চেয়ে চান্দগাঁও থানায় একটি সাধারণ ডায়রি করেছেন এক কিশোরীর ভগ্নিপতি মো. মিজানুর রহমান।

চান্দগাঁও থানার ওসি খায়রুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা দুই কিশোরীর নিখোঁজ হওয়ার বিষয়টি তদন্ত করছেন।

নিখোঁজ দুই কিশোরী পটিয়ার আমজুর হাট এলাকার একটি মাদ্রাসার ষষ্ঠ শ্রেণিতে পড়ত।

মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ১২ জুলাই পটিয়া আমজুর হাটের মাদ্রাসায় ক্লাস করে তার শ্যালিকা ও তার বান্ধবী বহদ্দারহাটের শমসেরপাড়ায় খালার বাসায় আসে। বাড়িতে বলে না আসায় তার শ্যালিকাকে চড় মেরেছিলেন তার মামা এবং দুজনকে নিয়ে বাড়ি রওনা হয়েছিলেন।

তিনি বলেন, “বাড়িতে যাওয়ার জন্য সিএনজি (অটোরিকশা) নেওয়ার সময় তারা (দুই বান্ধবী) নিখোঁজ হন। এ ঘটনা্র পর তাদের আত্মীয়স্বজনের বাসা-বাড়ি এবং বিভিন্ন এলাকায় খোঁজ নেয়া হয়। কিন্তু কোথাও না পেয়ে আমরা তাদের খোঁজে চান্দগাঁও থানায় জিডি করি।”

ওসি খায়রুল বলেন, “দুই কিশোরীর কাছে কোন মোবাইল নেই বলে তাদের অভিভাবকরা বলেছেন। বকাঝকাও করেননি বলে তাদের দাবি। এরপরও আমরা গুরুত্ব নিয়ে তাদের খোঁজ করছি। তারা কোনো দুর্ঘটনায় পড়েছে, নাকি কেউ ফুসলিয়ে নিয়ে গেছে, তা খতিয়ে দেখছি।”