১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ফটিকছড়িতে ‘হরিণ শিকারে গিয়ে’ গুলিতে এক ব্যক্তি নিহত

“কে গুলি করেছে, সেটাও এখনো জানতে পারিনি,” বলেন ওসি রবিউল।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2026, 10:01 PM

Updated : 11 Sep 2026, 03:21 PM

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার খিরাম এলাকার বনে ‘দল বেঁধে হরিণ শিকার করতে গিয়ে’ গুলিতে একজন নিহত হওয়ার তথ্য দিয়েছে পুলিশ।

শনিবার বিকালে সর্তা বন বিট এলাকায় এই ঘটনা।

মো. জমির উদ্দিন নামের ৪৬ বছর বয়সি এই ব্যক্তি খিরাম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের তোফায়েল আহমেদের ছেলে। তিনি কৃষি কাজ করতেন।

ফটিকছড়ি থানার ওসি মো. রবিউল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পাঁচ থেকে সাতজনের একটি দল বনে হরিণ শিকার করতে গিয়েছিল। নিহত জমির উদ্দিনের ঘনিষ্ট বন্ধু জামালের লাইসেন্স করা অস্ত্র নিয়ে তারা বনে যায় বলে জানতে পেরেছি। 

“দুর্ঘটনাবশত গুলি হয়েছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। তবে ঘটনাস্থলে গিয়ে ওই দলের কাউকে আমরা পাইনি। কে গুলি করেছে, সেটাও এখনো জানতে পারিনি। জমির উদ্দিনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।” 

ওসি বলেন, সর্তা বন বিটের যে অংশে গুলি হয়েছে, সেটা রাউজান থানার অধীনে। তাই ময়নাতদন্তের পর রাউজান থানায় মামলা করতে হবে।