২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ৫টি বাদে সব আসনে ‘ঝামেলামুক্ত’ ভোট

সকাল ৮টায় ভোটগ্রহণ শুরুর পর নগরীর আসনগুলোতে ভোটার উপস্থিতি ছিল কম। উপজেলার আসনগুলোতে ভোটার উপস্থিতি ছিল বেশি।

চট্টগ্রামে ৫টি বাদে সব আসনে ‘ঝামেলামুক্ত’ ভোট

চট্টগ্রাম-৯ (কোতোয়ালী) আসনের আন্দরকিল্লা এলাকার মুসলিম এডুকেশন সোসিইটি (এমইএস) স্কুল কেন্দ্রে সকাল সাড়ে আটটায় নারী ও পুরুষ ভোটারের দীর্ঘ লাইন।

মিন্টু চৌধুরী

উত্তম সেনগুপ্ত চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2024, 08:57 PM

Updated : 07 Jan 2024, 08:57 PM

চট্টগ্রামে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষ, প্রার্থীকে অবরুদ্ধ করা, ভোট কেন্দ্র ঘিরে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর অনুসারীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া এবং সবশেষে এক প্রার্থীর প্রার্থিতা বাতিলের মধ্যে দিয়ে চট্টগ্রামে শেষ হয়েছে দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ।

জেলার ১৬ আসনের মধ্যে পাঁচটি আসনে এসব ঘটনা ঘটেছে দুপুর থেকে বিকালের মধ্যে। এসব ঘটনায় কমপক্ষে দুই জন গুলিবিদ্ধ, গাড়ি ভাঙচুরসহ নানা ক্ষয়ক্ষতি হয়েছে।

এসব ঘটনা ছাড়া জেলার অন্য ১১টি আসনে ভোট ছিল মোটামুটি শান্তিপূর্ণ।

প্রচারণার সময় চট্টগ্রাম-১ (মীরসরাই), চট্টগ্রাম-২ (ফটিকছড়ি), চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ), চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) ও চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে সংঘাত ও উত্তেজনা থাকলেও ভোটের দিন এসব আসনে বড় কোনো সংঘাতের ঘটনা ঘটেনি।

এছাড়া চট্টগ্রামের যে পাঁচটি আসনে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী কোনো শক্তিশালী প্রার্থী ছিল না সেই আসনগুলোতে ভোট হয়েছে অনেকটাই নিরুত্তাপ।

চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড), চট্টগ্রাম-৬ (রাউজান), চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া), চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বোয়ালখালী) এবং চট্টগ্রাম-১৩ (আনোয়ারা) আসনে ভোট হয়েছে শান্তিপূর্ণ।

সকাল ৮টায় ভোটগ্রহণ শুরুর পর নগরীর আসনগুলোতে ভোটার উপস্থিতি ছিল কম। উপজেলার আসনগুলোতে ভোটার উপস্থিতি ছিল বেশি।

সকাল ৮টা থেকে ১০টার মধ্যে পটিয়ার কমপক্ষে ৭টি আসনে গিয়ে প্রায় সব কেন্দ্রে উপস্থিতি কম দেখা গেছে। প্রায় প্রত্যেক কেন্দ্রেই স্বতন্ত্র প্রার্থী সামশুল হক চৌধুরীর এজেন্ট পাওয়া যায়নি। তবে এসব কেন্দ্রে আওয়ামী লীগের প্রার্থী মোতাহেরুল ইসলাম চৌধুরীর এজেন্ট ছিল।

একই সময়ে চন্দনাইশ ও সাতকানিয়ার ৫টি কেন্দ্রে ভোটার উপস্থিতি তুলনামূলক কম দেখা গেছে। তবে এই দুই আসনেই সব প্রার্থীর এজেন্টরা উপস্থিত ছিলেন।

অন্যদিকে সকাল থেকেই চট্টগ্রাম- ৬(রাউজান) ও চট্টগ্রাম-৭ (রাঙ্গুনীয়া) আসনে ভোটার উপস্থিতি ছিল উল্লেখযোগ্যভাবে বেশি। নারী পুরুষ ও বৃদ্ধ নির্বিশেষে সব বয়সী ও শ্রেণিপেশার মানুষকে এসব আসনের কেন্দ্রগুলোতে ভোট দিতে দেখা গেছে।

চান্দগাঁওতে বিএনপি-পুলিশ সংঘর্ষ

সকাল ৯টা ১৫ মিনিটের দিকে নগরীর চান্দগাঁও থানার শরাফত উল্লাহ পেট্রোল পাম্পের সামনে সড়ক অবরোধ করেন বিএনপির নেতাকর্মীরা। এসময় তারা ভোটারদের কেন্দ্রে যেতে বাধা সৃষ্টি করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়।

Image

পদযাত্রা কর্মসূচি শেষে সায়েন্স ল্যাবরেটরি মোড়ে পুলিশের সঙ্গে বিএনপিকর্মীদের সংঘর্ষ বাধে।

নগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) পংকজ দত্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শরাফত উল্লাহ পেট্রোল পাম্পের সামনে কিছু লোক রাস্তায় আগুন লাগিয়ে অবরোধ করে। পুলিশ গিয়ে তাদের ধাওয়া করলে তারা ইটপাটকেল নিক্ষেপ করে।

“পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড ফাঁকা গুলি নিক্ষেপ করে। তারা থেমে থেমে ইটপাটকেল নিক্ষেপ করছে।”

থেমে থেমে দুপুর পর্যন্ত এই সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের সঙ্গে যোগ দেয় র‌্যাব ও বিজিবি। বিএনপির নেতাকর্মীরা এক পর্যায়ে মূল সড়ক ছেড়ে অলিগলিতে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকে। তারা কিছুক্ষণ পরপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ইট ছুড়ছিল।

ইটের আঘাতে র‌্যাবের একটি গাড়ির সামনে কাচ ভাঙে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক সদস্য মাথায় আঘাত পান। খবর সংগ্রহ করতে গিয়ে দুজন সাংবাদিকও ইটের আঘাতে ব্যথা পান।

কেন্দ্রের বাইরে সংঘর্ষে গুলিবিদ্ধ ২ জন

বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-পাহাড়তলি) আসনের পাহাড়তলি কলেজ কেন্দ্রের বাইরে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে গোলাগুলির ঘটনা ঘটে।

খুলশী থানার ওসি নেয়ামত উল্লাহ বলেন, “দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনা থেকে গোলাগুলির ঘটনা ঘটে। পুলিশ গিয়ে তাদের ছত্রভঙ্গ করে। এসময় পুলিশ শটগানের কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে। ভোটকেন্দ্রের ভেতর কোনো সমস্যা হয়নি।”

স্থানীয়রা জানিয়েছেন, ভোটকেন্দ্রের বাইরে নগর আওয়ামী লীগ নেতা নৌকার প্রার্থী মহিউদ্দিন বাচ্চু ও স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র মনজুর আলমের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় গুলি চালানোর ঘটনা ঘটে।

এ ঘটনায় গুলিবিদ্ধ দুজন হলেন শান্ত বড়ুয়া ও জামাল। তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালিটি ওয়ার্ডে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

পরে বিকালে জানা যায়, কেন্দ্রের বাইরে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে গুলি ছোড়া যে ব্যক্তির ছবি পাওয়া গেছে তার নাম শামীম আজাদ। তিনি নগরীর ১৩ নম্বর পাহাড়তলি ওয়ার্ডের কাউন্সিলর ওয়াসিম উদ্দিন চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত।

কাউন্সিলর ওয়াসিম উদ্দিন চৌধুরী এবারের নির্বাচনে সাবেক মেয়র মনজুর আলমের সমর্থনে কাজ করছেন।

পটিয়ায় নাজেহাল স্বতন্ত্র প্রার্থী

বেলা ১২টা ১০ মিনিটের দিকে আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে গিয়ে চট্টগ্রাম-১২(পটিয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী নৌকার নেতাকর্মীদের ধাওয়ার মুখে পড়েন।

Image

কেন্দ্র পরিদর্শ করে বের হওয়ার সময় নৌকার সমর্থকরা সামশুল হক চৌধুরীর গাড়ি ঘিরে ধরেন।

এসময় সামশুল হক চৌধুরী সাংবাদিকদের বলেন, “আমার ৩০টি কেন্দ্র্রে এজেন্টদের বের করে দিয়ে। বিভিন্ন রাস্তায় ব্যরিকেড দিয়ে ভোটারদের কেন্দ্রে আসতে দিচ্ছে না। কাল সারারাত তান্ডব করেছে। আমার নেতাকর্মীদের বিরুদ্ধে একটা মিথ্যা মামলা দিয়ে। একটা লাইসেন্স বিহীন মোটর সাইকেল জ্বালিয়ে আমার লোকজনদের এমনকি আমার ছেলেকেও আসামি করেছে।”

কেন্দ্র পরিদর্শনের পর তিনি বের হবার পথেই প্রতিরোধের মুখে পড়েন। এসময় নৌকার শ দেড়েক কর্মী তাকে উদ্দেশ্য করে গালি ও স্লোগান দিতে থাকে।

নৌকা প্রতীকের প্রার্থীর অনুসারী নেতাকর্মীরা সামশুল হক চৌধুরীকে লক্ষ্য করে ‘চোর চোর’ বলতে থাকে। এক পর্যায়ে তার গাড়িতে ধাক্কা ধাক্কি শুরু করে। তখন তার গাড়ি লক্ষ্য করে একটা ঢিলও মারে একজন। পরে তিনি কেন্দ্র ত্যাগ করেন।

অবরুদ্ধ মোস্তাফিজুর, প্রার্থিতা বাতিল

বিকেল তিনটায় চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের উত্তর সরল প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গেলে আওয়ামী লীগের প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরীকে অবরুদ্ধ করে স্থানীয় লোকজন। এ সময় তার উপর হামলাও চালানো হয়। তার গাড়িও ভাঙচুর করা হয়।

খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত করে।

বিকাল চারটা ১৫ মিনিটের দিকে তিনি নেতাকর্মীদের নিয়ে কেন্দ্র থেকে বের হয়ে আসেন। এসময় তার সাথে কয়েক’শ নেতাকর্মী ছিল।

Image

বাঁশখালীতে ভোটকেন্দ্রে অবরুদ্ধ নৌকার প্রার্থী মো মোস্তাফিজুর রহমান চৌধুরী

চট্টগ্রাম-১৬ আসনে স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের মুজিবুর রহমানের সমর্থকরা সংসদ সদস্যের উপর হামলা চালিয়ে অবরুদ্ধ করে বলে অভিযোগ করেন মোস্তাফিজুর রহমানের ব্যক্তিগত সহকারী একেএম মোস্তাফিজুর রহমান রাসেল।

এর আগে রোবাবার দুপুরে বাঁশখালীর জলদি এলাকায় আশকারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গোলযোগের অভিযোগে স্থানীয় ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবদুল গফুরকে আটক করে পুলিশ।

এরপর বেলা সাড়ে ১১টার দিকে থানায় যান মোস্তাফিজুর রহমান চৌধুরী। এসময় থানার ওসির সাথে সংসদ সদস্য মোস্তাফিজুর বাগবিতণ্ডায় জড়ান বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে।

পরে বিকাল পৌনে চারটার দিকে ইসির সচিব জাহাংগীর আলম বিফ্রিংয়ে জানান, আচরণবিধি লঙ্ঘনের কারণে বাঁশখালীর বর্তমান সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানের প্রার্থিতা বাতিল করা হয়েছে। তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে হুমকি দিয়েছিলেন বলে জানান ইসি সচিব৷ ‍

শেষবেলায় চন্দনাইশে সংঘাত

নির্বাচনের শেষ মুহূর্তে এসে চট্টগ্রাম-১৪ আসনের চন্দনাইশ ও দোহাজারী এলাকায় সংঘর্ষে জড়ায় নৌকা ও ট্রাক প্রতীকের সমর্থকরা।

Image

ভোটের দিন চট্টগ্রামে সংঘর্ষের পর পুলিশের অবস্থান।

ছবি লিংক:

বেলা পৌনে চারটার দিকে দোহাজারী জামিরজুরি আহমদুর রহমান স্কুল কেন্দ্র ও পূর্ব চন্দনাইশ চৌধুরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসব সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দোহাজারী জামিরজুরি হাই স্কুল কেন্দ্রের বাইরে নৌকা প্রতীকের নজরুল ইসলামের অনুসারী ও ট্রাক প্রতীকের আব্দুল জব্বারের অনুসারীরা অবস্থান নিয়েছিল।

ভোট শেষ হওয়ার আগ মুহূর্তে নৌকা সমর্থকরা ট্রাক সমর্থকদের ধাওয়া করে কেন্দ্রে প্রবেশের চেষ্টা করে। এসময় দুই জনের সমর্থকরা প্রচুর ইটপাটকেল নিক্ষেপ করে। র‌্যাব-বিজিবি গিয়ে তাদের ধাওয়া করে সরিয়ে দেয়।

এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, চন্দনাইশের অন্য দুই কেন্দ্রের নৌকা সমর্থকরা এসে ট্রাক সমর্থকদের ধাওয়া করে। এসময় দুই পক্ষে সংঘর্ষ বেঁধে যায়।

চৌধুরী পাড়া প্রাথমিক বিদ্যালয়ে সংঘর্ষে আগ্নেয়াস্ত্রের ব্যবহার হয়েছে বলেও জানায় প্রত্যক্ষদর্শীরা।

আরও পড়ুন:

পুরনো খবর:

শেষ বেলায় বাতিল হল নৌকার মোস্তাফিজুরের প্রার্থিতা
বাঁশখালীর কেন্দ্রে অবরুদ্ধ নৌকার প্রার্থী মোস্তাফিজ, গাড়ি ভাঙচুর
চট্টগ্রামে পুলিশের সঙ্গে বিএনপিকর্মীদের সংঘর্ষ
চট্টগ্রামে ভোটকেন্দ্রের বাইরে সংঘর্ষ, গুলিবিদ্ধ ২
চট্টগ্রামে নৌকার কর্মীদের তোপের মুখে কেন্দ্র ছাড়লেন সামশুল