২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্ত্রীকে কুপিয়ে খুন, পালানোর সময় ধরা

জঙ্গল সলিমপুরে বুধবার রাতে এ হত্যাকাণ্ড ঘটে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2023, 06:45 PM

Updated : 14 Apr 2023, 02:40 PM

পারিবারিক কলহের জেরে চট্টগ্রামে এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগে তার স্বামী হাসানকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশ।

বুধবার রাতে সীতাকুণ্ড থানার জঙ্গল সলিমপুর ৩ নম্বর সমাজের লটকন শাহ মাজার টিলায় এ হত্যাকাণ্ড ঘটে।

নিহতের নাম শারমিন (৩৯)। তার স্বামী রিকশা চালক হাসানের বাড়ি নীলফামারীর ডিমলা উপজেলায়।

সীতাকুণ্ড থানার ওসি তোফায়েল আহমেদ জানান, হাসানের (৫৮) দ্বিতীয় স্ত্রী ছিলেন শারমিন। কয়েক বছর আগে তাদের বিয়ে হয়।

“পারিবারিক কলহের জেরে বুধবার রাতে দুইজনের মধ্যে ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে হাসান তার স্ত্রী শারমিনকে দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে খুন করেন।”

হত্যাকাণ্ডের পর হাসান জঙ্গল সলিমপুর ছেড়ে পালানোর চেষ্টা করছিলেন জানিয়ে ওসি তোফায়েল বলেন, “ভোর ৫টার দিকে ফৌজদারহাট কালুশাহ ব্রিজের কাছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।”

হাসান ওই এলাকায় বাসের জন্য অপেক্ষায় ছিলেন বলে জানান ওসি।

এ ঘটনায় নিহত শারমিনের মা কুলসুম বেগম বাদী হয়ে হাসানকে আসামি করে সীতাকুণ্ড থানায় মামলা করেছে।