১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

রাউজানে যুবদল নেতা খুন: 'আলোচিত সন্ত্রাসী' রায়হান প্রধান আসামি

মামলার অন্য আসামিদের ধরতে পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন ওসি সাইফুল।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2026, 11:59 AM

Updated : 11 Sep 2026, 03:25 PM

চট্টগ্রামে যুবদল নেতা মাসুদুল হক চৌধুরীকে গুলি করে হত্যার ঘটনায় মামলা করেছেন তার বড় ভাই; মামলায় ‘আলোচিত সন্ত্রাসী’ রায়হানকে প্রধান আসামি করা হয়েছে।

নিহত মাসুদুলের বড় ভাই সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পিয়ারুল হক চৌধুরী বাদী হয়ে সোমবার রাতে রাউজান থানায় মামলা করেছেন।

ওই মামলায় চট্টগ্রামের জোড়া খুনসহ বিভিন্ন মামলার ‘আলোচিত সন্ত্রাসী’ রায়হানকে প্রধান আসামি করে ১১ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে বলে রাউজান থানার ওসি সাইফুল ইসলাম জানিয়েছেন।

তিনি বলেন, “মামলায় আরও সাত/আটজনকে অজ্ঞাত আসামি করা হয়। হত্যাকাণ্ডের পর জাকির নামে একজনকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করে আমরা চালান দিয়েছি। সে জাকিরকেও মামলায় আসামি করা হয়েছে।”

গত শনিবার দুপুরে রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নের চৌমুহনী বাজারে উপজেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মাসুদুল হক চৌধুরীকে (৪৫) গুলি হত্যা করা হয়।  তিনি পাশের উপজেলা রাঙ্গুনিয়ার বেতাগী ইউনিয়নের বাসিন্দা। ওষুধ কিনতে তিনি চৌমুহনী বাজারে যান বলে পুলিশ জানিয়েছিল।  

রোববার ময়নাতদন্ত শেষে মাসুদুলকে তার গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে।

হত্যাকাণ্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে, তাতে দেখা যায়, অস্ত্রধারীরা সিএনজিচালিত অটোরিকশায় করে ঘটনাস্থল চৌমুহনী বাজারে আসে।  সে সময় অস্ত্রধারীরা যুবদলের এই নেতাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তিনি মাটিতে পড়ে যাওয়ার পরেও অস্ত্রধারীদের মধ্যে একাধিক ব্যক্তি তাকে গুলি করে।

এরপর অস্ত্রধারীরা ফাঁকা গুলি করতে করতে আবার অটোরিকশায় উঠে চলে যায়। এসময় তিনজনের হাতে পিস্তল এবং দুইজনের হাতে লম্বা আগ্নেয়াস্ত্র দেখা গেছে।

মামলার অন্য আসামিদের ধরতে পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন ওসি সাইফুল।

আরও পড়ুন-

রাউজানে দিনে দুপুরে বাজারে গুলি করে একজনকে হত্যা

রাউজানে যুবদল নেতা হত্যাকাণ্ডে জড়িত ৫ জন শনাক্ত