পটিয়ায় অটোরিকশায় বাসের ধাক্কা, নিহত ৬
চট্টগ্রামের পটিয়া উপজেলায় বাস চাপায় অটোরিকশার পাঁচ আরোহী এবং বাসটি উল্টে আরও একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
কোরবানির ঈদের পরদিন সোমবার রাত সোয়া ৮টার দিকে পটিয়া বাইপাসের কচুয়াই ইউনিয়নের জলুদীঘি ও বাইয়ার দীঘির মাঝামাঝি অংশে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
রাত সাড়ে ১১টা পর্যন্ত নিহতদের মধ্যে দু’জনের পরিচয় জানা গেছে। তারা হলেন- পটিয়ার হুলাইন এলাকার নবাবের ছেলে ইসমাইল (৫৬) এবং পটিয়ার কমলমুন্সির হাট এলাকার বাসিন্দা রেজাউল করিম রফিক (৫০)। তারা দুজনই অটোরিকশার যাত্রী ছিলেন।
পটিয়া থানার ওসি রাশেদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কক্সবাজার থেকে চট্টগ্রামগামী ‘হিনো আকিজ সিরিজ’র বাসটি পেছন থেকে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। পরে দুটি বাহনই রাস্তার পাশে উল্টে যায়। ঘটনাস্থলে নিহত পাঁচজনই অটোরিকশার চালক ও যাত্রী।
“পরে বাসের একযাত্রী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান। আহত হয়েছেন আরও ৮ জন।”
আহতদের মধ্যে শাহ আলম (৪০), জাকির হোসেন ও সুখী আক্তার (২৯) নামের তিন বাসযাত্রীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছেন।
দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার কাজে অংশ নেয়। এ দুর্ঘটনাস্থল ও আশেপাশের এলাকায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়। রাত সাড়ে ৯টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
ফায়ার সার্ভিসের চট্টগ্রাম অঞ্চলের উপসহকারী পরিচালক নিউটন দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “ঘটনাস্থল থেকে আমরা পাঁচজনের লাশ উদ্ধার করেছি। সিএনজি অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গেছে। লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
“আমরা গিয়ে বাসের কাউকে পাইনি। আগেই তাদের উদ্ধার করা হয়।”
পটিয়া হাইওয়ে পুলিশের ওসি মো. মোজাফফর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাকে চাপা দেয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। অটোরিকশাটি চন্দনাইশ থেকে পটিয়ামুখী ছিল। ঘটনার পর বাসের চালক পালিয়ে গেছে। লাশ আমাদের জিম্মায় আছে।”
