২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে খুন করে ভারতে পালানোর সময় ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার ৩

চট্টগ্রামে তিন দিন আগে এক যুবককে খুনের ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তি এবং তার দুই সহযোগীকে ভারতে পালিয়ে যাওয়ার সময় গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2022, 05:42 PM

Updated : 02 Aug 2022, 01:46 PM

শনিবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে ফয়সাল ইসলাম বাবু ওরফে পিস্তল বাবু নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) নোবেল চাকমা জানান, কসবায় বাবুর সঙ্গে তার সহযোগী মো. রুবেলকেও (৩৪)। গ্রেপ্তার করা হয়। আর নবীনগর উপজেলায় অভিযান চালিয়ে তাদের দলের আরেকজন মো. সুমন মিয়াকে (২৮) ধরা হয়।

গত বৃহস্পতিবার ভোরে নগরীর কাজীর দেউড়ি এলাকায় মো. মইনউদ্দিন (৩০) নামের এক যুবককে ছুরি মেরে হত্যা কার হয়। মইনউদ্দিনের সঙ্গে থাকা মো. মোবারকও গুরুতর আহত হন।

ওই রাতেই বাবুর নামে নগরীর কোতোয়ালি থানায় মামলা করেন নিহত মইনউদ্দিনের ভাই মো. নেজামউদ্দিন। এরপর শনিবার রাতে ব্রাহ্মণবাড়িয়া থেকে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।

অতিরিক্ত উপ-কমিশনার নোবেল চাকমা বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে বাবু স্বীকার করেছেন, তাদের পরিকল্পনা ছিল ভারতে পালিয়ে যাওয়া।”

তিনি জানান, ইয়াছমিন আক্তার টিনা নামের একজনের সঙ্গে নগরীর পলোগ্রাউন্ড মাঠে যৌথভাবে বাণিজ্যমেলায় একটি স্টল দিয়েছিলেন মইনউদ্দিন। গত ৭ জুন তাদের কাছ থেকে ৫০ হাজার টাকা ‘চাঁদা’ দাবি করে বাবু হুমকি দিয়েছিলেন; বলেছিলেন টাকা না পেলে তাদের ব্যবসা করতে দেওয়া হবে না। 

বৃহস্পতিবার ভোরে ঢাকা থেকে মালামাল এনে মঈনউদ্দিন কাজীর দেউড়ি ২ নম্বর গলিতে টিনাদের বাসায় যাচ্ছিলেন। টিনার ভাই মোবারক এ সময় তার সঙ্গে ছিলেন।  

চট্টগ্রামে ছুরিকাঘাতে যুবক খুন  

বাবু তার দুই সহযোগীরা তখন তাদের পথ আটকে আবারও টাকা চায়। টাকা দিতে না চাইলে মইনউদ্দিন ও মোবারকের সঙ্গে থাকা পোশাকের প্যাকেট ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তারা।

নোবেল চাকমা বলেন, “ধস্তাধস্তির মধ্যে মোবারকের বাঁ পায়ে ছুরিকাঘাত করে রাস্তায় ফেলে দেন বাবু। মঈনউদ্দিন তাদের বাধা দেওয়ার চেষ্টা করায় তার দুই পায়ের উরুতে এবং বুকের বাঁ পাশে ছুরিকাঘাত করে মোটর সাইকেল নিয়ে তিনজন পালিয়ে যায়।”

এ ঘটনায় মামলা হওয়ার পর বাবুকে ধরতে অভিযানে থাকা কোতোয়ালি থানার এসআই মোমিনুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত বৃহস্পতিবার ভোরে মইনউদ্দিন এবং মোবারকের ওপর হামলার পর বাবু ও তার সহযোগীরা প্রথমে কক্সবাজারে পালিয়ে গিয়েছিলেন। পুলিশ তাদের খোঁজে সেখানে অভিযানে গেলে বাবু দলবল নিয়ে পালিয়ে ব্রাহ্মণবাড়িয়া চলে যান।

এসআই মোমিনুল বলেন, “পুলিশ ব্রাহ্মণবাড়িয়ায় তাদের অবস্থান নিশ্চিত করে নবীনগর উপজেলায় অভিযান চালিয়ে সুমন মিয়াকে আটক করে। পরে কসবা উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে বাবু ও তার সহযোগী রুবেলকে গ্রেপ্তার করা হয়।“

তিনজনকে গ্রেপ্তার করে চট্টগ্রামে আনার পর তাদের দেওয়া তথ্যে আউটার স্টেডিয়ামের উত্তর পাশের গার্ডার ওয়াল সংলগ্ন ময়লার স্তূপ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটিও পুলিশ উদ্ধার করেছে।  

গ্রেপ্তার তিনজনকে আদালতে পাঠিয়েছে পুলিশ, জিজ্ঞাসাবাদে পেতে তাদের সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে বলে জানান নোবেল চাকমা।