চট্টগ্রামে ছুরিকাঘাতে যুবক খুন
চট্টগ্রামে ‘বিরোধের জেরে’ ছুরিকাঘাতে এক যুবককে খুন করা হয়েছে।
নিহত যুবকের নাম মো. মঈনউদ্দিন (৩০)। এ ঘটনায় আহত আরেক যুবক মো. মোবারককে (২৭) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার ভোরে কোতোয়ালী থানার কাজীর দেউড়ি ২ নম্বর গলিতে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।
চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালী জোন) মুজাহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রাথমিকভাবে জেনেছি জাহেদুল ইসলাম বাবু নামে স্থানীয় এক যু্বকের সঙ্গে হতাহতদের ‘আর্থিক বিষয়’ নিয়ে বিরোধ ছিল। এর জের ধরে ভোরে তাদের রাস্তায় পেয়ে ছুরিকাঘাত করে বাবু।
“আহত দুই জনকে উদ্ধার করে চমেক হাসপাতালে নেওয়ার পর এক জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আরেকজনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।”
চট্টগ্রাম কোতোয়ালী থানার ওসি জাহেদুল কবির বলেন, “পোলোগ্রাউন্ড মাঠে আন্তর্জাতিক শিল্পপণ্য মেলা স্টল বসানো কেন্দ্র করে হতাহতদের সঙ্গে বাবুর বিরোধ হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এর জেরে মঈনুদ্দিন ও মোবারকের ওপর বাবু হামলা চালায় বলে অভিযোগ করেছেন হতাহতদের স্বজনেরা।”
