বন্দরের বিপজ্জনক পণ্য দ্রুত নিলামে তোলার আহ্বান
চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরে থাকা বিপদজ্জনক পণ্য দ্রুত নিলামের মাধ্যমে বিক্রি করতে কাস্টমস ও জাতীয় রাজস্ব বোর্ডকে বলেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে আগুনের পর বিস্ফোরণের ঘটনায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে সন্ধ্যায় বন্দরের ঊর্ধতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে একথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, “বন্দরের অভ্যন্তরে যে সকল বিপজ্জনক পণ্য নিলামের অপেক্ষায় রয়েছে, সেগুলো দ্রুত নিলামের মাধ্যমে নিষ্পত্তি করার জন্য কাস্টমস কর্তৃপক্ষ ও জাতীয় রাজস্ব বোর্ডেকে অনুরোধ করছি, যাতে দেশের একমাত্র লাইফ লাইন চট্টগ্রাম বন্দর ঝুঁকিমুক্ত থাকে।”
তিনি চট্টগ্রাম বন্দর কর্মকর্তাদের সতর্কতার সঙ্গে কর্তব্য পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, “ফায়ার এবং সেফটি ইকুইপমেন্টের যথাযথ ব্যবহার ও নিয়মিত ফায়ার ড্রিল এর মাধ্যমে কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষিত হতে হবে। যাতে যেকোন দুর্ঘটনা তাৎক্ষণিক মোকাবেলা করা যায়।”
খালিদ মাহমুদ বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যেভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তা দেখে বিভিন্ন মহল ঈর্ষান্বিত। তারা বাংলাদেশের উন্নয়নের গতি থামিয়ে দেওয়ার জন্য বিভিন্ন রকম অপপ্রচারে লিপ্ত।”
কোনো রকম ‘অপপ্রচারে’ বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে খালিদ মাহমুদ বলেন, বিএম কন্টেইনার ডিপোর এই দুর্ঘটনার প্রকৃত কারণ ‘নিরপেক্ষ তদন্তের মাধ্যমে’ উদঘাটনের নির্দেশ দেওয়া হয়েছে।
এসময় চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহানসহ উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
