৪ বছর পড়ে থাকা হাইড্রোজেন পার অক্সাইড তড়িঘড়ি বিক্রি হল নিলামে
চার বছর ধরে চট্টগ্রাম বন্দরের ইয়ার্ডে পড়ে থাকা হাইড্রোজেন পার অক্সাইড নিলামে বিক্রি করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে আগুন লাগার পর বিস্ফোরণের ঘটনায় ৪১ জনের মৃত্যুর পর বন্দরের তাগাদায় সোমবার কাস্টমস কর্তৃপক্ষ দ্রুত নিলাম ডেকে দুই কন্টেইনার হাইড্রোজেন পার অক্সাইড বিক্রি করে দেয়।
নিলামে একটি প্রতিষ্ঠান পাঁচ লাখ ২০ হাজার টাকায় এসব রাসায়নিক কিনে নেয় বলে জানা গেছে। আগাম আয়কর ও ভ্যাট পরিশোধ করে ওই প্রতিষ্ঠান হাইড্রোজেন পার অক্সাইড ছাড় করাবে।
চট্টগ্রাম বন্দর সচিব মো. ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গাজীপুরের একটি কোম্পানি ওই হাইড্রোজেন পার অক্সাইড আমদানি করেছিল, কিন্তু খালাস করেনি।
“বন্দরে পড়ে থাকা হাইড্রোজেন পার অক্সাইড নিলাম করার জন্য আমরা কাস্টমসকে রুটিন চিঠি দিয়ে থাকি। এর অংশ হিসেবে রোববার তাদের চিঠি দেওয়া হয়েছিল তা নিলামে তোলার জন্য।”
দুই কন্টেইনার হাইড্রোজেন পার অক্সাইড বন্দরের চার নম্বর ফটকের কাছে রাখা ছিল। রাসায়নিক হওয়ায় এসব পণ্য ইয়ার্ডগুলো থেকে দূরে রাখা ছিল বলে জানান বন্দর সচিব। ২০১৮ সালে এসব হাইড্রোজের পার অক্সাইড চট্টগ্রাম বন্দরে আসে।
তিনি জানান, দুই কন্টেইনারে ৬০৯টি ড্রামে মোট ৩০ হাজার ৪৫০ কেজি হাইড্রোজেন পার অক্সাইড ছিল।
“নিলামে এসব পণ্যের ভ্যালু ছিল ২৩ লাখ ৮০ হাজার টাকা। কিন্তু বিক্রি হয়ছে ৫ লাখ ২০ হাজার টাকায়।”
গত শনিবার রাতে সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে আগুন লাগার পর বিস্ফোরণ ঘটে। তাতে ৪১ জন মারা গেছে। আহত হয় দুইশর বেশি।
ডিপোতে কন্টেইনারে থাকা হাইড্রোজেন পার অক্সাইডের কারণে আগুন দ্রুত ছড়িয়েছিল বলে ফায়ার সার্ভিসের ধারণা।
