২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিআরবি রক্ষায় লড়ে যাব: ইঞ্জিনিয়ার মোশাররফ

‘হেরিটেজ’ হিসেবে চট্টগ্রামে রেলওয়ের মালিকানাধীন সিআরবি এলাকা রক্ষায় ‘শেষ রক্তবিন্দু দিয়ে’ লড়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2022, 10:18 PM

Updated : 02 Aug 2022, 03:13 PM

রোববার বিকালে সিআরবি এলাকায় ‘নাগরিক সমাজ, চট্টগ্রাম’ আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি এই প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশি ওই স্থানে হাসপাতাল না করার বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলেও জানিয়েছেন।

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ বলেন, “সিআরবি হেরিটেজ এলাকা। এটা রক্ষা করতে হবে। সামনে সংসদ বসলে আমি প্রধানমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে আলাপ করব। প্রধানমন্ত্রী সৃজনশীল এবং বাস্তব অবস্থা বোঝেন। আমার মনে হয়, তিনি এটা শুনবেন। এটা হেরিটেজ হিসেবে আমরা শেষ রক্তবিন্দু দিয়ে রক্ষা করব। আপনাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করছি।”

সমাবেশে সভাপতিত্ব করেন নাগরিক সমাজের কো-চেয়ারম্যান চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান।

মোশাররফ হোসেন বলেন, “হাসপাতাল অনেক হয়েছে। রেলওয়ের জায়গায় মধ্যে অনেক হাসপাতাল হয়েছে। ইউএসটিসি, ইম্পেরিয়াল হাসপাতাল, ডায়াবেটিস হাসপাতাল সব রেলওয়ের জায়গায় হয়েছে। কিন্তু এ রকম জায়গায় যেখানে হেরিটজ আছে সেখানে গাছপালার মধ্যে হাসপাতাল হয়নি।

“আমরা কেউ এখানে হাসপাতালের বিরোধিতা করছি না। হাসপাতাল হোক তবে তা এ জায়গায় নয়। এই জায়গায় হাসপাতাল হলে আমাদের রক্তের ওপরে হতে হবে। এক বিন্দুও ছাড় দেব না।”

চটগ্রাম নগরীর ঐতিহ্যবাহী সিআরবি এলাকায় ৫০০ শয্যার হাসপাতাল ও ১০০ আসনের মেডিকেল কলেজ স্থাপনের জন্য ২০২০ সালের মার্চে ইউনাইটেড এন্টারপ্রাইজ অ্যান্ড কোম্পানি লিমিটেডের সঙ্গে চুক্তি করে বাংলাদেশ রেলওয়ে।

পরে জুলাই মাসে প্রকল্পের জমি হাসপাতাল নির্মাণকারী প্রতিষ্ঠানের কাছে বুঝিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হলে আন্দোলন শুরু হয়। এই প্রকল্প সিআরবিতে না করার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন চট্টগ্রামের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

নাগরিক সমাজের সদস্য সচিব, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ইব্রাহিম হোসেন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশ অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম, সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, নগর আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম সুজন, কোষাধ্যক্ষ আবদুচ ছালাম, পেশাজীবী নেতা ডা. এ কিউ এম সিরাজুল ইসলাম, অধ্যাপক ইদ্রিস আলী, মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন।