কালুরঘাট বেতার কেন্দ্রে আওয়ামী লীগ-বিএনপির ‘পাল্টা’ কর্মসূচি
কালুরঘাট বেতার কেন্দ্রে বিএনপির শ্রদ্ধা নিবেদনের কর্মসূচিকে কেন্দ্র করে ‘মুখোমুখি’ অবস্থান নিয়েছে চট্টগ্রাম আওয়ামী লীগ ও বিএনপি।
রোববার একই স্থানে উভয় দলের পাল্টাপাল্টি কর্মসূচিতে সতর্ক মহানগর পুলিশ কোনো দলকেই অনুমতি দেয়নি; বলেছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অবস্থান থাকবে।
নগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) মোখলেসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সেখানে আজ (শনিবার) সারাদিন ফোর্স মোতায়েন ছিল। আগামীকালও থাকবে।”
রোববার দুপুর ২টায় নগরীর বহদ্দারহাট বাস টার্মিনালের বিপরীতে কালুরঘাট বেতার কেন্দ্রে কেন্দ্রীয় নেতাদের নিয়ে শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি ঘোষণা করে বিএনপি।
আর ‘মিথ্যা ঘোষকের প্রতি শ্রদ্ধা নিবেদন’ ঠেকাতে রোববার সকাল থেকেই সেখানে অবস্থান কর্মসূচির কথা জানিয়েছে আওয়ামী লীগ।
ঐতিহাসিক কালুরঘাট বেতার কেন্দ্র এলাকায় কর্মসূচি পালনের কথা শনিবার গণমাধ্যমকে জানায় চট্টগ্রাম নগর আওয়ামী লীগ।
চট্টগ্রামের সিটি মেয়র ও নগর কমিটির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক এম রেজাউল করিম চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওটা স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। সেখানে মিথ্যা ঘোষকের প্রতি শ্রদ্ধা নিবেদন আমরা করতে দিতে পারি না।
ফাইল ছবি
নিজেদের কর্মসূচির বিষয়ে বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “১৯৭১ সালের ২৬ মার্চ জিয়াউর রহমান এ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন। একে স্মরণীয় করে রাখতে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের অংশ হিসেবে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে নিয়ে সেখানে শ্রদ্ধা নিবেদন করব। এটাই আমাদের কর্মসূচি।”
এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারাও উপস্থিত থাকবেন বলে জানান তিনি।
তিনি বলেন, “বেলা ২টায় আমাদের শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি। বিভিন্ন জায়গা থেকে আমাদের নেতা কর্মীরা আসবেন। স্থানীয় নেতৃবৃন্দ তো আছেনই।”
সমাবেশ করবেন কি না এবং এজন্য অনুমতি নিয়েছেন কি না জানতে চাইলে শামীম বলেন, “শ্রদ্ধা নিবেদনের মধ্যেই যেটুকু হয়। আমরা করব, কথা হলো এটা।”
সেখানে আওয়ামী লীগের পাল্টা কর্মসূচির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “সেটা আমার জানা নেই।”
সার্বিক বিষয়ে পুলিশের উপ কমিশনার (উত্তর) মোখলেসুর রহমান বলেন, “বিএনপি তাদের কর্মসূচির জন্য অনুমতি চেয়েছিল। তাদের এখনও পর্যন্ত কোনো অনুমতি দেওয়া হয়নি। আওয়ামী লীগও একটা সমাবেশ ডেকেছে, এটা জানি।“
সেখানে রোববার পুলিশ মোতায়েন থাকার কথা জানিয়েছেন তিনি।
নগরীর বহদ্দারহাট বাস টার্মিনালের বিপরীতে দোতলা একটি ভবনে ‘বাংলাদেশ বেতার, কালুরঘাট, চট্টগ্রাম’ অবস্থিত।
ফাইল ছবি
বেলাল মোহাম্মদের লেখা ‘স্বাধীন বাংলা বেতার কেন্দ্র’ বইটি থেকে জানা যায়, ১৯৭১ সালের ২৬ মার্চ রাতে চট্টগ্রামের তৎকালীন আওয়ামী লীগ নেতা এম এ হান্নান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন।
এরপর ২৭ ও ২৮ মার্চ সেসময়ের মেজর জিয়াউর রহমান স্থানীয় নেতাদের অনুরোধে স্বাধীনতার ঘোষণাপত্রটি পাঠ করেছিলেন।
ঘোষণাপত্র পাঠ করায় বিএনপি জিয়াকে ‘স্বাধীনতার ঘোষক’ হিসেবে দাবি করে আসছে। এ উপলক্ষেই এ কর্মসূচি নেয় দলটি।
বর্তমানে কালুরঘাট বেতার কেন্দ্রের ওই ভবনের নিচতলায় ১১১ নম্বর কক্ষটি ‘স্বাধীনতা ঘোষণা কক্ষ (স্বাধীন বাংলা বেতার কেন্দ্র), বাংলাদেশ বেতার, চট্টগ্রাম’ হিসেবে সংরক্ষিত আছে।
