‘দিনেও মশা, রাতেও মশা’, বিড়ম্বনায় চট্টগ্রামের মেয়র
বন্দরনগরী চট্টগ্রামে মশার উৎপাতে বিড়ম্বনায় পড়ার কথা জানিয়ে জলাবদ্ধতা নিরসন প্রকল্পকে দুষলেন মেয়র এম রেজাউল করিম চৌধুরী।
তিনি বলেছেন, যতদিন খালগুলো মুক্ত না হবে, পানির প্রবাহ স্বাভাবিক না হবে, ততদিন এ অবস্থার উন্নতি হবে না।
“বাস্তবতাকে আমি অস্বীকার করি না। দিনেও মশা, রাতেও মশা। এ নিয়ে বিড়ম্বনায় আছি।”
মেয়রের দায়িত্ব গ্রহণের এক বছর পূর্তিতে বুধবার আন্দরকিল্লায় নগর ভবনের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে কথা বলছিলেন রেজাউল।
“খালের বাঁধে পানি জমে আছে। ঢিল ছুঁড়ে মারলাম, মনে হল কয়েক হাজার কোটি মশা উড়ছে। অথচ তিন দিন আগে সেখানে মশার ওষুধ ছিটানো হয়েছে!”
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেয়র বলেন, “হাজার কাজ করলেও মশার উপদ্রব কমবে না। জলাবদ্ধতার কাজ শেষ না হওয়া পর্যন্ত মশা নিয়ন্ত্রণ করা যাবে না।”
আরেক প্রশ্নের জবাবে বলেন, নালা-খালা দখলকারী যতই প্রভাবশালী হোক, উচ্ছেদের ক্ষেত্রে ‘কোনো ছাড় দেওয়া হবে না’।
২০২১ সালের ২৭ জানুয়ারির নির্বাচনে মেয়র নির্বাচিত হন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম। ওই বছরের ১৫ ফেব্রুয়ারি তিনি মেয়রের দায়িত্ব নেন।
মেয়র হিসাবে নেওয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরে রেজাউল বলেন, “গত এক বছরে আড়াই হাজার কোটি টাকার একটি বড় প্রকল্পের অনুমোদন হয়েছে। বহদ্দারহাটের বারইপাড়া নতুন খাল খননের কাজ শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে স্থবির হয়ে থাকা পোর্ট কানেকটিং (পিসি) রোডের কাজ প্রায় সম্পন্ন করা হয়েছে।
“নগর ভবন নির্মাণ ও সড়ক উন্নয়ন বাতি প্রকল্পের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া নগরের উন্নয়নে ফুটপাত, বাণিজ্যিক ভবন, কিচেন মার্কেট উন্নয়ন এবং বর্জ্য ব্যবস্থাপনার জন্য আধুনিক যান ও যন্ত্রপাতি কিনতে প্রকল্প প্রণয়ন করা হচ্ছে।”
