২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের মানুষকে ‘ভাতে মারতে’ চলেছে সরকার: শাহ আলম

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্য দিয়ে ‘বিনা ভোটের সরকার’ দেশের মানুষকে ভাতে মারতে চলেছে বলে মন্তব্য করেছেন কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় সভাপতি মো. শাহ আলম।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2022, 07:39 PM

Updated : 02 Aug 2022, 03:06 PM

শনিবার বিকালে চট্টগ্রাম নগরীর সিনেমা প্যালেস চত্বরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) চট্টগ্রাম জেলা আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মো. শাহ আলম বলেন, গণবিরোধী সরকার আর অবৈধ সিন্ডিকেটের যোগসাজশে জনগণের পকেট কাটা হচ্ছে। চাল, ডাল, তেল, চিনি, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার সিন্ডিকেটের দখলে। আইনশৃঙ্খলা বাহিনীও সিন্ডিকেটের দখলে। পার্লামেন্টও সিন্ডিকেটের দখলে চলে গিয়েছে।

‘সিন্ডিকেট ও লুটপাটের ধাক্কায়’ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম মানুষের নাগালের বাইরে মন্তব্য করে তিনি বলেন, “বিনা ভোটের সরকার দেশের মানুষকে আজ ভাতে মারতে চলেছে।

“করোনাভাইরাসের আঘাতে মানুষ যখন বিপর্যস্ত, তখন দ্রব্যমূল্যের পাগলা ঘোড়া’র ধাক্কায় মানুষের দৈনন্দিন জীবন চরম হুমকির মধ্যে পড়েছে। গণবিরোধী সরকার লুটেরা, মুনাফাখোর, মজুতদারদের পাহারাদার হিসেবে ব্যবসায়ী-সিন্ডিকেটকে রক্ষা করে চলেছে। সাধারণ মানুষের প্রতি সরকারের কোনো দায় নেই।

‘‘একদিকে ভোক্তাদের পকেট কাটা হচ্ছে, অন্যদিকে উৎপাদক কৃষক প্রতারিত হচ্ছেন। অবৈধ সিন্ডিকেটকে বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে।‘‘

স্থায়ী রেশনিং চালু, ন্যায্য মূল্যের পর্যাপ্ত দোকান চালু, টিসিবি‘র বিক্রি বাড়ানো ও কঠোর হাতে সিন্ডিকেট দমনের দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন সিপিবি চট্টগ্রাম জেলা সভাপতি অধ্যাপক অশোক সাহা।

সহকারী সাধারণ সম্পাদক নুরুচ্ছাফা ভুইয়ার পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন সিপিবি চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি কানাই লাল দাশ, চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর, সম্পাদক মন্ডলীর সদস্য উত্তম চৌধুরী, মছি উদ-দৌলা প্রমুখ।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে।