ট্রেনের দাবিতে চবি ফটক আটকে বিক্ষোভ
সময়সূচি অনুযায়ী শাটল ট্রেন চলাচলের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মূল ফটক আটকে বিক্ষোভ দেখিয়েছে শিক্ষার্থীরা।
রোববার দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট এলাকায় শিক্ষার্থীদের এ কর্মসূচি হয়।
শিক্ষার্থীদের ভাষ্য, ‘অনিবার্য’ কারণ দেখিয়ে গত নভেম্বর মাস থেকে দুই জোড়া ডেমু ট্রেন বন্ধ রাখা হয়েছে। তাতে শাটল ট্রেনে করে যাতায়াতকারী শিক্ষার্থীরা চাপে পড়ে গেছে।
২৬ জানুয়ারি থেকে মাইলেজ ইস্যুতে কর্মবিরতিতে যায় লোকো মাস্টাররা। লোকবল সংকটে রেল কর্তৃপক্ষ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তিন জোড়া শাটল ট্রেন বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।
দুই দিনের মাথায় লোকো মাস্টাররা আন্দোলন স্থগিত করলেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যাতায়াতকারী শাটল ট্রেনগুলো একমাসেও চালু হয়নি।
আন্দোলনকারীদের একজন বাংলাদেশ স্টাডিজ বিভাগের শিক্ষার্থী নুসরাত জাহান পুষ্পা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ট্রেনের সংখ্যা কম হওয়ায় ট্রেনে ভিড় হয় প্রচণ্ড, বেশিরভাগ সময় দাঁড়িয়ে আসা-যাওয়া করতে হয় শিক্ষার্থীদের। অনেক অসুস্থও হয়ে পড়ছে।
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শাটল ট্রেনে শিক্ষার্থীদের ভোগান্তি সম্পর্কে আমরা অবগত। আমরাও চাই না আমাদের সন্তানদের কষ্ট হোক।
“বিষয়টি সমাধান করতে গত মঙ্গলবার আমরা রেল কর্তৃপক্ষকে একটি চিঠি দিয়েছি, মিটিং করেছি। দফায় দফায় ফোন দিচ্ছি। কিন্তু তাদের পক্ষ থেকে বলা হচ্ছে, ক্রু (লোকো মাস্টার) সংকট। রেলওয়ে কর্তৃপক্ষ না চাইলে আমাদের পক্ষে তো ক্রু সংকট দূর করা সম্ভব না।"
বিষয়টির সমাধানে উপাচার্য রেল মন্ত্রণালয়ের সঙ্গেও যোগাযোগ করছেন বলে জানিয়েছেন তিনি।
চট্টগ্রাম শহর থেকে ২২ কিলোমিটার দূরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের যাতায়াতের প্রধান বাহন শাটল ট্রেন। প্রতিদিন শাটল ট্রেনে করে কয়েক হাজার শিক্ষার্থী শহর থেকে ক্যাম্পাসে আসা-যাওয়া করে। ক্যাম্পাস ও শহরে চলাচলকারী ৯ জোড়া শাটল ট্রেনের মধ্যে ৫ জোড়া শাটল ট্রেনই এখন বন্ধ রয়েছে।
