চুরি করে আনা তেল খালাস: ১৪ জনের বিরুদ্ধে মামলা
চট্টগ্রামে ‘চুরি করে আনা’ অপরিশোধিত ভোজ্য তেল খালাসের সময় আটক ১২ জনসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে পতেঙ্গা থানায় করা এ মামলায় ‘তানিশা এন্টারপ্রাইজ’ নামে আটক লাইটারেজ জাহাজের মালিককেও আসামি করা হয়েছে বলে জানান নৌ পুলিশ চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার কীর্তিমান চাকমা।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আটক লাইটারেজ শ্রমিকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে চুরির ঘটনায় লাইটারেজ মালিক হারুনর উর রশিদেরও সম্পৃক্ততার বিষয়টিও উঠে এসেছে। তাই তাকে মামলায় আসামি করা হয়েছে।”
এছাড়া, ঘটনাস্থল থেকে পালানো লাইটারেজের শ্রমিক জসীম উদ্দিন নামে আরেকজনকেও আসামি করা হয়েছে।
ঘটনাস্থল থেকে পালানো দুই ভাউজার চালকসহ আরও কয়েকজনের নাম পাওয়া না গেলেও তাদেওর অজ্ঞাতনামা হিসেবে আসামি করা হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার কীর্তিমান চাকমা।
বৃহস্পতিবার ভোর রাতে পতেঙ্গা থানার ১২ নম্বর ঘাট এলাকায় একটি লাইটারেজ থেকে অপরিশোধিত ভোজ্য তেল খালাসের সময় ১২ জনকে আটক করা হয়। জব্দ করা হয় লাইটারেজ জাহাজ ও দুইটি তেলের ভাউজার।
