চট্টগ্রামে ‘জাহাজ থেকে চুরি করা’ ভোজ্য তেলসহ আটক ১২
চট্টগ্রামে ‘চুরি করে আনা’ অপরিশোধিত ভোজ্য তেল খালাসের সময় লাইটারেজ জাহাজের পাঁচ শ্রমিকসহ ১২ জনকে আটক করেছে নৌ পুলিশ।
বৃহস্পতিবার ভোর রাতে পতেঙ্গা থানার ১২ নম্বর ঘাট এলাকায় লাইটারেজ থেকে খালাসের সময় তাদের আটক করা হয় বলে জানান নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কীর্তিমান চাকমা।
এ ঘটনায় পুলিশ একটি লাইটারেজ জাহাজ ও দুটি তেলের ভাউজার জব্দ করা হয়।
আটক পাঁচ লাইটারেজ শ্রমিক হলেন - হুমায়ুন কবির (৪৫), ফিরোজ ব্যাপারী (২৭), দুলাল ব্যাপারী (৫৫), আব্দুর রহমান (২২) ও মো. শাকিল (২১)।
তাদের মধ্যে সাত জন শ্রমিক এবং পাঁচ জন জাহাজের কর্মী বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার কীর্তিমান।
নৌ পুলিশের সদরঘাট থানার ওসি এবিএম মিজানুর রহমান বলেন, “আটক ১২ জনের মধ্যে পাঁচ লাইটারেজ কর্মচারীকে আসামি করা হবে। অন্যদের বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।”
তবে লাইটারেজে কী পরিমাণ তেল ছিল সেটা পরিমাপ করা যায়নি বলে জানান ওসি।
ওসি মিজানুর রহমান বলেন, “জব্দ করা তেল ওয়েল ট্যাংকার থেকে চুরি করে লাইটারেজে করে ঘাটে আনা হয়েছে। তারা কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি।
“এ তেল কোন প্রতিষ্ঠান এনেছে সেটা নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিক ভাবে জেনেছি শবনম-৪ নামে একটি অয়েল ট্যাংকার থেকে অপরিশোধিত তেল তানিশা এন্টারপ্রাইজ নামের লাইটারেজটিতে নেওয়া হয়েছে।”
বিদেশ থেকে আমদানি করা অপরিশোধিত ভোজ্যতেল বড় জাহাজে করে দেশে আনার পর বঙ্গোপসাগরের বহির্নোঙর থেকে ছোট ট্যাংকারে করে জেটিতে নিয়ে যাওয়া হয়। পরে সেগুলো পরিশোধন করে খোলা বাজারে বিক্রি করা হয়।
ওসি মিজানুর রহমান বলেন, অপরিশোধিত চোরাই তেল পরিশোধিত তেলের সাথে মিশিয়ে খোলা বাজারে বিক্রি করা হয় বলে প্রাথমিকভাবে তারা জানতে পেরেছেন।
