২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিচারকের গায়ে গাড়ির ধাক্কা-মারধর, দুইজনের রিমান্ড

চট্টগ্রাম আদালতের বিচারিক হাকিমের গায়ে গাড়ির ধাক্কা এবং মারধরের ঘটনায় গ্রেপ্তার চারজনের মধ্যে এক প্রবাসীসহ দুইজনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2022, 11:04 PM

Updated : 02 Aug 2022, 02:55 PM

মঙ্গলবার চট্টগ্রামের মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক জুয়েল দেব এ বিষয়ে শুনানি শেষে এ আদেশ দেন। 

আদেশে প্রবাসী রানা মর্তুজাকে (৪৫) পাঁচ দিন এবং তার সহযোগী আব্দুর রহিমকে (৩৮)  তিন দিনের রিমান্ড দিয়েছে আদালত। তবে রানার বোন মাসুকা সুলতানা (৩৫) ও জিবান সুলতানার (২৮) রিমান্ড আবেদন নামঞ্জুর করা হয়।

পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গ্রেপ্তার চারজনকে সাতদিন করে রিমান্ডের আবেদন করেছিলাম।

“আদালত একজনের পাঁচদিন এবং অন্য একজনের তিনদিনের রিমান্ড দিয়েছে। দুই নারীর রিমান্ড আবেদন নামঞ্জুর করেছে। শুনানি শেষে চারজনকেই কারাগারে পাঠানো হয়।”

দাপ্তরিক কাজ শেষ করে রিমান্ডের আদেশ দেওয়া দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হবে বলে জানান তিনি। 

সোমবার রাতে নগরীর পাঁচলাইশ থানার জিইসি মোড়ের কাছে ‘ওয়েলফুড’ নামে একটি খাবারের দোকানের সামনে চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ মো. অলি উল্লাহর উপর হামলা হয়।

পরে বেলজিয়াম প্রবাসী রানা মর্তুজা ও তার সহযোগী আব্দুর রহিম এবং রানার দুই বোন মাসুকা ও জিবান সুলতানাকে আটক করে পুলিশ। রানা নোয়াখালীর বেগমগঞ্জের জয় নারাণপুর গ্রামের মোখলেসুর রহমানের ছেলে।

ওই ঘটনায় আদালতের নাজির আবুল কালাম আজাদ বাদী হয়ে পাঁচলাইশ থানায় মামলা করেন। মামলায় গ্রেপ্তার চারজন ও শিশির মাহমুদ নামে আরও একজনসহ মোট পাঁচজনের নামে এবং অজ্ঞাত চার-পাঁচজনকে আসামি করা হয়। 

ওই রাতের হামলার বিষয়ে জানতে চাইলে মামলার বাদী আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্যার মুখে, হাতেসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছেন।

“রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে ওনার ঠোটে তিনটি সেলাই দেওয়া হয়। আজ বিভিন্ন শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শেষে তিনি বিকেলে বাসায় ফিরেছেন।” 

এজাহারে বলা হয়, সোমবার রাতে ও আর নিজাম রোড আবাসিক এলাকার কাছে একটি কফি শপ থেকে বেরিয়ে ওয়েলফুডের সামনের রাস্তা ধরে সস্ত্রীক হেঁটে গোলপাহাড় মোড়ের দিকে যাচ্ছিলেন বিচারিক হাকিম মো. অলি উল্লাহ। 

এসময় একটি গাড়ি জোরে হর্ন দিয়ে বিচারক অলি উল্লাহকে ধাক্কা দেয়। তিনি প্রতিবাদ করলে গাড়ির আরোহী রানা মর্তুজাসহ অন্যরা নেমে আসে। বিচারক নিজের পরিচয় দিলে আরোহীরা তা নিয়ে উল্টো কটূক্তি ও গালিগালাজ করে। 

এরপর রানা মর্তুজার নেতৃত্বে গাড়ির আরোহীরা মিলে বিচারককে মারধর করে। তাকে ঘুষি মারে। এক পর্যায়ে ইট দিয়ে মাথায় আঘাতের চেষ্টা করলে তা ঠেকাতে গিয়ে তিনি হাতে ব্যথা পান বলে এজাহারে উল্লেখ করা হয়। 

আবুল কালাম আজাদ বলেন, “এসময় রানা মর্তুজা মোবাইলে আরও কয়েকজনকে সেখানে ডেকে আনেন।” 

মামলার এজাহারে বলা হয়,সবাই মিলে বিচারককে ধরে অন্যত্র নিয়ে যাওয়ারও চেষ্টা করেন। হামলায় বিচারকের নাক, চোখের ভ্রু এবং বাম হাতের একটি আঙুলের নখ ফেটে রক্তাক্ত হয়।

তখন ওই পথ দিয়ে চলাচলকারী দুইজন আইনজীবী বিচারক অলি উল্লাহকে চিনতে পেরে হামলাকারীদের বিষয়টি জানান। এরপর হামলাকারীরা উল্টো দুই আইনজীবীকে হেনস্থা করার চেষ্টা করেন। 

রানা মর্তুজা নিজেকে বেলজিয়াম আওয়ামী লীগের নেতা দাবি করেছেন, প্রত্যক্ষদর্শীদের এমন তথ্যের বিষয়ে পাঁচলাইশ থানার পরিদর্শক সাদেকুর রহমান বলেন, “রানা মর্তুজার কোনো রাজনৈতিক পরিচয় সম্পর্কে আমরা জানতে পারিনি।” 

ঘটনাস্থলে যে চার-পাঁচজন হামলাকারী ফোন পেয়ে জড়ো হয়েছিলেন তদের বিষয়েও খোঁজ নিচ্ছে পুলিশ।

আরও পড়ুন

চট্টগ্রামে এক বিচারিক হাকিমকে ঘুসি মারায় প্রবাসী আটক