২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে শনাক্তের হার নামল ৫ শতাংশের নিচে

বসন্তের প্রথম দিন ভালোবাসা দিবসে স্বস্তির খবর দিল চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়; ২৪ ঘণ্টায় জেলায় করোনাভাইরাস শনাক্তের হার নেমেছে ৫ শতাংশের নিচে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2022, 05:01 PM

Updated : 02 Aug 2022, 02:55 PM

সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, সোমবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় জেলায় ২ হাজার ১৫৬ জনের নমুনা পরীক্ষা করে ১০৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

তাতে শনাক্তের হার দাঁড়িয়েছে ৪ দশমিক ৯৬ শতাংশ। এ সময়ে কোভিডে আক্রান্ত কারও মৃত্যু হয়নি।

রোববার জেলায় ২০৬ জন নতুন রোগী শনাক্ত হয়েছিল; শনাক্তের হার ছিল ৮ দশমিক ১৬ শতাংশ।

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের বিস্তারে সারা দেশের মত চট্টগ্রামেও জানুয়ারির শুরু থেকে সংক্রমণ দ্রুত বাড়তে থাকে। ১৯ জানুয়ারি জেলায় শনাক্তের হার ৩০ শতাংশ ছাড়ানোর পর ২৪ জানুয়ারি পৌঁছায় ৪০ শতাংশে।

তারপর থেকে ধীরে ধীরে শনাক্তের হার কমতে শুরু করে। দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা দুইশর নিচে নেমে আসে।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত এক দিনে শনাক্ত ১৮২ জনের মধ্যে ৬৯ জন নগরীর বাসিন্দা। এছাড়া বিভিন্ন উপজেলার বাসিন্দা ৩৮ জন।

এখন পর্যন্ত করোনভাইরাসে আক্রান্ত হয়ে জেলায় ১৩৬০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নগরীর ৭৩৪ জন এবং উপজেলাগুলোর বাসিন্দা ৬২৬ জন।

চট্টগ্রামে এ পর্যন্ত এক লাখ ২৫ হাজার ৩১৪ জন কোভিড রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরীর বাসিন্দা ৯১ হাজার ১০৭ জন।

পুরনো খবর-

কোভিড: চট্টগ্রামে ১ মাস পর দৈনিক শনাক্ত দুইশর নিচে  

‘কোভিড সংক্রমণ কমলেও সতর্কতায় ঢিলেমি নয়’  

চট্টগ্রামে কোভিড সংক্রমণ বাড়াচ্ছে ওমিক্রনের উপধারা বিএ.২: গবেষণা  

চট্টগ্রামে কোভিডে আরও চারজনের মৃত্যু, শনাক্ত ১১৬৭  

চট্টগ্রামে এক দিনে ১৩৪৮ কোভিড রোগী শনাক্ত  

চট্টগ্রামে প্রতি পাঁচ জনের কোভিড পরীক্ষায় ২ জনই রোগী