অবৈধ মাছ শিকার: চট্টগ্রামে পুলিশের ওপর জেলেদের হামলা
বঙ্গোপসাগরে অবৈধভাবে মাছ ধরা বন্ধে চট্টগ্রামে অভিযান শেষে জাল জব্দ করে নিয়ে আসার সময় জেলেদের হামলায় দুই নৌপুলিশ সদস্য আহত হয়েছেন।
সোমবার সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ডে এ ঘটনায় আহতদের মধ্যে কনস্টেবল অনিক বড়ুয়ার হাত ভেঙে গেছে। আহত অপর জন হলেন তিলক পাল।
চট্টগ্রাম নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কীর্তিমান চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাগরে অবৈধ মাছ শিকার বন্ধের অভিযানে জাল জব্দ করে নিয়ে আসার সময় জেলেদের হামলার এ ঘটনা ঘটে।
মাছ সংরক্ষণে রেনু ও পোনা নিধন রোধে দেশব্যাপী চরঘেরা, চায়না দুয়ারি ও বেহুন্দি জাল ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ জানিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, সাগরে বসানো এসব জালে বেশির ভাগ রেনু ও পোনা মাছ আটকে যায়, যেগুলো আর বাঁচে না। এতে করে মৎস্য সম্পদ কমে যায়।
সোমবার দিনভর সাগরের প্রায় ১৫ কিলোমিটার এলাকা জুড়ে পুলিশ এ অভিযান পরিচালনা করে বেশকিছু চরঘেরা ও বেহুন্দি জাল জব্দ করে। মৎস্য অধিদপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে সেগুলো পুড়িয়ে ফেলা হয়।
হামলার ঘটনায় সীতাকুণ্ড থানায় মামলার প্রস্তুতি চলছে জানিয়ে তিনি বলেন, কাউকে আটক করা হয়নি।
