সাবেক জেলার সোহেলের স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
জ্ঞাত আয় বহির্ভূত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সাবেক জেলার সোহেল রানা বিশ্বাসের স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এর সহকারী পরিচালক এনামুল হক বাদী হয়ে এই মামলা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “হোসেন আরা পপি তার নামে থাকা স্থাবর, অস্থাবর সম্পদের যে বিবরণী দুদকে জমা দিয়েছে, তাতে এক কোটি টাকার বেশি সম্পত্তির গড়মিল দেখা যায়।”
মামলায় অভিযোগ আনা হয়, সোহেল রানার স্ত্রী পপি মিথ্যা ও ভুয়া রেকর্ড পত্র তৈরি করে প্রতারণার মাধ্যমে এক কোটি এক লাখ ৩১ হাজার ৮৭৩ টাকার সম্পদ অর্জন করেন।
পপির স্বামী, সাবেক জেলার সোহেল ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার পোড়াকান্দুলিয়া গ্রামের জিন্নাত আলী বিশ্বাসের ছেলে।
গত বছরের ২৯ নভেম্বর তার বিরুদ্ধে ৪০ লাখ ২৭ হাজার ২৩৩ টাকার সম্পদের তথ্য গোপন এবং ঘুষ ও দুর্নীতির মাধ্যমে ২ কোটি ৩৩ লাখ ৩৩ হাজার ২৩৫ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক।
এর আগে ২০১৮ সালের ২৬ অক্টোবর ভৈরব স্টেশনে চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস থেকে নগদ ৪৪ লাখ ৪৩ হাজার ‘অবৈধ’ টাকা ও ফেনসিডিলসহ তাকে আটক করে রেলওয়ে পুলিশ। তখন তিনি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার ছিলেন।
সোহেলের কাছ থেকে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে নেওয়া ১ কোটি ৩০ লাখ টাকার চেক ও তার স্ত্রীর নামে ২ কোটি ৫০ লাখ টাকার এফডিআর সংক্রান্ত নথিও উদ্ধারের কথাও জানানো হয়।
সেসময় তার বিরুদ্ধে ভৈরব রেলওয়ে থানার এসআই মো. আশ্রাফ উদ্দিন ভূঁইয়া বাদী হয়ে মাদক ও অর্থপাচার আইনে দুটি মামলা করেন। এ ঘটনার পর কারা কর্তৃপক্ষ তাকে বরখাস্ত করে।
ইউসিবিএল কর্মকর্তাদের বিরুদ্ধে আরেক মামলা
জালিয়াতির মাধ্যমে ব্যাংক থেকে ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে বেসরকারি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) দুই কর্মকর্তা ও এক ব্যবসায়ীসহ পাঁচজনের বিরুদ্ধে রোববার আরেকটি একটি মামলা করেছে দুদক।
এ মামলার বাদীও দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এর সহকারী পরিচালক এনামুল হক।
আসামি করা হয়েছে- ইউসিবিএল ব্যাংকের সাবেক ভাইস প্রেসিডেন্ট ও আগ্রাবাদ শাখার ব্যবস্থাপক আহম্মেদ সাইফুল হুদা, ব্যাংকের সাবেক রিলেশনশিপ অফিসার আনিসুর রহমান, ব্যবসায়ী হোসাইন হায়দার আলী, তার স্ত্রী মনিরা হোসাইন হায়দারকে। এ ছাড়া মনোয়ারা বেগম নামে আরেকজনকে আসামি করা হয়েছে।
এনামুল জানান, আসামিরা পরস্পর যোগসাজসে ভুয়া তথ্যে ইউসিবিএল ব্যাংক থেকে ৭ কোটি ৮১ লাখ ৭৪ হাজার ৫৭৯ টাকা ঋণ নিয়ে তা আত্মসাত করেছেন। ফলে ব্যাংকের সুদ বাবদ ১৫ কোটি এক লাখ ২৬ হাজার ৪৮৫ টাকা ক্ষতি হয়েছে।
কয়েকটি ব্যাংকের ১০০ কোটি টাকা ঋণ ‘আত্মসাত’ করে চট্টগ্রাম থেকে পালিয়ে প্রায় এক দশক পর গত বছরের ১৭ সেপ্টেম্বর ঢাকায় গ্রেপ্তার হয়েছিলেন ব্যবসায়ী হোসাইন হায়দার আলী।
ওই সময় পুলিশ জানিয়েছিল, চট্টগ্রামের জুবিলি রোডে মেসার্স জুবলি ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠান ছিল হোসাইন হায়দার আলীর। ঢাকায় পাড়ি দেওয়ার দেওয়ার আগে তিনি পণ্য আমদানি-রপ্তানির ব্যবসা করতেন।
হোসাইন হায়দার আলী ব্যবসা দেখিয়ে যমুনা ব্যাংক, ইসলামী ব্যাংকসহ কয়েকটি ব্যাংক থেকে প্রায় ১০০ কোটি টাকা ঋণ নিয়েছিলেন।
“সেই টাকা আত্মসাত করে তিনি আত্মগোপনে যান। এই সংক্রান্ত ব্যাংকের করা পাঁচটি মামলায় তার সাজা পরোয়ানা আছে। অন্য ছয়টি মামলায় তার নামে ওয়ারেন্ট আছে।”
পুরনো খবর
