লক্ষ্মীপেঁচার পাঁচ ছানার ঠাঁই মিললো চট্টগ্রাম চিড়িয়াখানায়
কার্নিশের কাছে শব্দ পেয়ে সন্ধান করতেই দেখা গেল লক্ষীপেঁচার পাঁচটি ছানা। ভালো করে পাখা না গজালেও ক্ষুধার যন্ত্রণায় তাদের ডাকাডাকি। অপেক্ষা করেও মা পেঁচার অবশ্য দেখা মেলেনি।
বেসরকারি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (ইউএসটিসি) একটি ভবন থেকে উদ্ধার করে কর্মচারীরা ছানাগুলো নিয়ে যায় চট্টগ্রাম চিড়িয়াখানায়। লক্ষ্মীপেঁচার পাঁচটি ছানার ঠাঁই হয়েছে সেখানেই।
চট্টগ্রাম চিড়িয়াখানার ভারপ্রাপ্ত ডেপুটি কিউরেটর ও চিকিৎসক শাহাদাত হোসেন শুভ জানান, গত ২০ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা ছানাগুলো নিয়ে আসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “ভবনের কার্নিশে লাইট পোস্টের নিচে শব্দ শুনে কর্মচারীরা গিয়ে সেখানে পেঁচার ছানাগুলো দেখতে পান।
“সেখানে ছয়টি ছানা ছিল এবং একটি ছানা মৃত দেখে বাকিগুলো উদ্ধার করে তারা নিয়ে এসেছে। হয়ত নিরিবিলি দেখেই ভবনের কার্নিশে পেঁচা বাসা করেছিল।”
সাধারণত গাছের কোটর, পাহাড় ও পাথরের গর্ত, পুরনো দালান কিংবা কাক এবং অন্যান্য পাখির পরিত্যক্ত বাসায় থাকে নিশাচর শিকারি পাখি পেঁচা।
চট্টগ্রাম চিড়িয়াখানার এই ভারপ্রাপ্ত ডেপুটি কিউরেটর জানান, পেঁচা সাধারণত মুক্ত থেকে পোকামাকড়, ইঁদুর, ছোট সরীসৃপ খেয়ে বেঁচে থাকে। অন্য প্রাণিদের মতোই ছানাদের খাবারের ব্যবস্থা করে মা পেঁচা।
তিনি বলেন, “মানুষের হাতে কিংবা খাঁচায় সেগুলো বাঁচে না। চিড়িয়াখানায় ছানাগুলো স্বাভাবিক খাওয়া-দাওয়া করছে না। তবে মাংস পিষে কিমার মত করে হাতে ধরে পেঁচার ছানাগুলোকে খাওয়ানো হচ্ছে।”
লক্ষ্মীপেঁচার এ ছানাগুলো সুস্থ হয়ে ওড়ার উপযোগী হয়ে উঠলে কোনো জঙ্গল কিংবা পাহাড়ি এলাকায় তাদের ছেড়ে দেওয়া হবে বলে জানান শাহাদাত হোসেন শুভ।
বাংলাপিডিয়ার তথ্য অনুযায়ী, বাংলাদেশে ১৭ প্রজাতির পেঁচা রয়েছে; যার মধ্যে ১৫টি স্থায়ী বাসিন্দা এবং বাকি দুটি পরিযায়ী ধরনের।
ডাকের ভিন্নতা দিয়ে পেঁচার নামকরণ করা হয়। ছোট ছোট চোখওয়ালা লক্ষ্মীপেঁচার শ্রবণশক্তি বেশ প্রখর হয়। এরা শব্দের মাধ্যমে অন্ধকারেও শিকার ধরতে পারে।
আরও পড়ুন
