২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন্যপ্রাণী নিয়ে সচেতনতায় চট্টগ্রামের মঙ্গল শোভাযাত্রা

মনের আনন্দে রংতুলি চালাচ্ছেন শিক্ষার্থীরা। রংতুলির আঁচড়ে মাটির পাত্রে গ্রাম বাংলার কৃষক, গৃহবধূ আর বন্যপ্রাণী হয়ে উঠছে জীবন্ত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজিজ আহমদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2016, 09:03 PM

Updated : 11 Oct 2022, 08:04 PM

পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রার নানা রকমের অনুষঙ্গকে রঙিন করতে ব্যস্ত সময় কাটাচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চারুকলা ইনস্টিটিউটের ছাত্রছাত্রীরা।

নগরীর বাদশা মিয়া সড়কে ইনস্টিটিউটের শিল্পী রশিদ চৌধুরী গ্যালারিতে গিয়ে রংতুলি হাতে তাদের নিবিষ্ট মনে কাজ করার এ দৃশ্য দেখা যায়।

কেউ মুখোশ বানাচ্ছেন আর কেউ তাতে রং করছেন। কেউ মাটির সরায় তুলির আঁচড়ে ফুটিয়ে তুলছেন গ্রাম বাংলার ঐতিহ্য।

এবারের পহেলা বৈশাখে বর্ষবরণের প্রস্তুতিতে নেতৃত্ব দিচ্ছে চারুকলা বিভাগের ৪৫তম ব্যাচের ‘সংশপ্তক’ শিক্ষার্থীরা। সাথে সহযোগিতা করছেন চারুকলার বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা।

প্রতিবছরের মতো এবারও চারুকলা ইনস্টিটিউট থেকে বের হওয়া মঙ্গল শোভাযাত্রায় থাকবে দেশীয় সংস্কৃতির বিভিন্ন প্রতীক ও বিভিন্ন প্রাণীর প্রতিকৃতি।

এবারের মঙ্গল শোভাযাত্রায় শিক্ষার্থীরা তুলে ধরবেন সুন্দরবনের সৌন্দর্য ও বিলুপ্তির হুমকিতে থাকা প্রাণীদের। শোভাযাত্রাকে রঙিন করতে থাকবে বাঘ, হাতি, পাখি, লোকজ পুতুলের ছয়টি ডামি। সাথে বাঘ, পেঁচা, খরগোশ, মাছ ইত্যাদির মুখোশতো থাকছেই।

এবারের ডামি বাঘটির বিশেষত্ব হল অন্য ডামিগুলোর মত এটি নিশ্চল না। প্রযুক্তিগত কৌশল ব্যবহার করায় এবারের বাঘটি সচল হয়ে উঠবে।

সংশপ্তকের আহ্বায়ক মো. শফিকুল ইসলাম সনেট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। অন্যান্য বছরের মতো এবারও বাংলা নববর্ষকে বরণে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে দিনরাত কাজ করছি আমরা।

“এবারের মঙ্গল শোভাযাত্রার বিশেষ আকর্ষণ থাকবে সুন্দরবনের প্রতীকি বাঘ। অন্য বছরের ডামিগুলোর থেকে এর আলাদা বৈশিষ্ট্য হলো এটি নড়তে পারবে।”

বন্য পরিবেশের প্রতি বিভিন্ন হুমকির বিষয়ে সবাইকে সচেতন করতেই এবারের বর্ষবরণে এমন আয়োজন বলে জানিয়ে সনেট বলেন, “আর সুন্দরবনে অন্যান্য প্রাণীকে তুলে ধরতে রঙিন মুখোশও থাকবে।”

বর্ষবরণের প্রস্তুতিতে শিক্ষার্থীদের সাথে হাত মিলাচ্ছেন শিক্ষকরাও। শিক্ষার্থীদের কাজের দিক-নির্দেশনার দেওয়ার পাশাপাশি শুধরে দিচ্ছেন ভুল-ক্রুটিও।

ইনস্টিটিউটের অধ্যাপক অলক রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নতুন বছরকে বরণ করে নিতে শিক্ষার্থীরা খুব কষ্ট করছে। ওদের উচ্ছ্বাসটা ভাল লাগে। তাই মনের আনন্দে ওদের সাথে আমরা শিক্ষকরাও সাহায্য করছি।”

কাজের আনন্দের পাশাপাশি ‘বাজেট স্বল্পতার’ কষ্টের কথাও জানালেন তিনি।

“এতবড় আয়োজন হিসেবে আমাদের অর্থের যোগান তেমন ভাল না। ঢাকার মতো চট্টগ্রামে পহেলা বৈশাখের জন্য তেমন বড় কোনো স্পন্সর পাওয়া যায় না। তাই বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ফান্ড আর শিক্ষক-শিক্ষার্থীদের দেওয়া চাঁদার টাকাতেই অধিকাংশ কাজ করতে হচ্ছে।”

এদিকে প্রতিবছরের মতো হাটহাজারীতে অবস্থিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেও থাকছে বর্ষবরণের বিশেষ আয়োজন।

পহেলা বৈশাখের আয়োজনের তালিকায় থাকছে র‌্যালি, আলোচনা সভা, বাউল গান, লাঠিখেলা, পুতুল নাচ, কাবাডি, বউচি ও চট্টগ্রামের ঐতিহ্যবাহী বলিখেলা।