২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২৪ ঘণ্টা সম্প্রচারে বিটিভির চট্টগ্রাম কেন্দ্র

২৪ ঘণ্টার সম্প্রচার কার্যক্রম শুরু করল বাংলাদেশ টেলিভিশনের চট্টগ্রাম কেন্দ্র।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2021, 07:45 PM

Updated : 10 Oct 2022, 06:28 PM

রোববার বিকেলে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের রজতজয়ন্তী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর উদ্বোধন করেন।

ধারণকৃত ভিডিও বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, সমাজ সংস্কারে টেলিভিশন বিশেষ ভূমিকা রাখতে পারে; সন্ত্রাস মাদক জঙ্গিবাদ, বাল্যবিবাহ, যৌতুকের মতো সামাজিক ব্যাধি নির্মূলে জন সচেতনতা সৃষ্টি করতে পারে।

বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন এবং শিক্ষা ও নির্মল বিনোদনমূলক অনুষ্ঠান প্রচারের মাধ্যমে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র মানুষের চিন্তা ও মননে ইতিবাচক পরিবর্তনে কাজ করবে বলে তিনি আশাপ্রকাশ করেন।

দেশে সম্প্রচারে থাকা ৪৫টি বেসরকারি টেলিভিশন, ২৮টি এফএম ও ৩২টি কমিউনিটি রেডিওর বেশিরভাগই আওয়ামী লীগ সরকার অনুমোদন দিয়েছে বলে জানান শেখ হাসিনা। 

তিনি বলেন, “আমরা জাতীয় সম্প্রচার নীতিমাল ২০১৪ এবং জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা ২০১৭ প্রণয়ন করেছি। বর্তমানে দেশে সব টিভি চ্যানেল বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর মাধ্যমে সম্প্রচার কার্যক্রম পরিচালনা করছে।”

বাংলাদেশের মানুষের আর্থ সামাজিক উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে মন্তব্য করে শেখ হাসিনা বলেন, ইতিমধ্যে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেছে।

২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে ‘উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশে’ পরিণত করার চলমান প্রয়াসে বিটিভির চট্টগ্রাম কেন্দ্রও সঙ্গী বলে আশাপ্রকাশ করে ২৪ ঘণ্টার সম্প্রচার কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেন, সংবাদ প্রচারে আন্তর্জাতিক রীতি নীতি সবসময় অনুসরণ করা হয় না। কোথাও আগুন লাগলে শুরু থেকে শেষ পর্যন্ত লাইভ করা হয়- এটা উচিত নয়।

তিনি বলেন, যুক্তরাজ্যে হাসপাতালের ভেতর লাইভ করতে দেয় না। সেখানে অসত্য বা ভুল সংবাদ পরিবেশনের জন্য নিয়মিত জরিমানা দিতে হয়।

“আমাদের দেশে সেটি হয় না। মাথায় রাখতে হবে, আমার স্বাধীনতা যেন অপরের স্বাধীনতা হরণ না করে, অন্যের ব্যক্তিগত গোপনীয়তা নষ্ট না করে।” 

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, চট্টগ্রামে দীর্ঘদিনের দাবি ছিল এ কেন্দ্র নিয়ে। এ কেন্দ্রকে ঘিরে একটি সাংস্কৃতিক ইকো সিস্টেম সৃষ্টি হবে। চট্টগ্রামের সমৃদ্ধ অতীত ছিল সাংস্কৃতিক জগতে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. মকবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী ও বিটিভির মহাপরিচালক সোহরাব হোসেন। স্বাগত বক্তব্য দেন বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের জিএম নিতাই কুমার ভট্টাচার্য্য।

১৯৯৬ সালের ১৯ ডিসেম্বর বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রটি স্থাপিত হয়। তখন দেড় ঘণ্টার অনুষ্ঠান সম্প্রচার হত। ২০১৬ সালের ৩১ ডিসেম্বর থেকে তা বেড়ে হয় ছয় ঘণ্টা।

পরে ২০১৯ সালের ১৩ এপ্রিল তা বাড়িয়ে ৯ ঘণ্টা করা হয়। সবশেষে ২০২০ সালের ২৬ জানুয়ারি ১২ ঘণ্টায় উন্নীত হয় সম্প্রচার সময়। চলতি বছরের ১০ জানুয়ারি থেকে পরীক্ষামূলকভাবে ১৮ ঘণ্টা সম্প্রচার করা হচ্ছে এই কেন্দ্রে।