২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে শুরু হচ্ছে ৪ দিনের রিহ্যাব মেলা

চট্টগ্রামে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে চার দিনব্যাপী আবাসন মেলা ‘রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার-২০২১’।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2021, 05:23 PM

Updated : 07 Apr 2022, 11:53 PM

মঙ্গলবার চট্টগ্রাম ক্লাবে সংবাদ সম্মেলন করে মেলার বিভিন্ন দিক তুলে ধরেন আয়োজকরা।

সংবাদ সম্মেলনে রিহ্যাব চট্টগ্রাম আঞ্চলিক কমিটির চেয়ারম্যান ও কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট আব্দুল কৈয়ুম চৌধুরী জানান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ হোটেল রেডিসন ব্লু চট্টগ্রাম বে-ভিউর মোহনা হল রুমে বৃহস্পতিবার দুপুরে মেলার উদ্বোধন করবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ।

মেলা উপলক্ষে বুধবার সকালে ম্যারাথন আয়োজন করা হয়েছে। সকাল ৮টায় এমএ আজিজ স্টেডিয়াম চত্বরে ম্যারাথন উদ্বোধন করবেন দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক।

‘স্বপ্নীল আবাসন সবুজ দেশ, লাল সবুজের বাংলাদেশ’ স্লোগানে এবারের মেলায় আবাসন প্রতিষ্ঠানের পাশাপাশি আর্থিক ও বিল্ডিং ম্যাটেরিয়ালস এবং কয়েকটি সহায়ক প্রতিষ্ঠানেরসহ মোট ৭১টি স্টল থাকবে।

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে। টিকেটের দাম ৫০ ও ১০০ টাকা। ৫০ টাকায় টিকিট কেটে একবার এবং ১০০ টাকায় টিকিট কেটে চার বার মেলায় ঢোকা যাবে।

আবাসন খাতের পরিস্থিতি তুলে ধরে কৈয়ুম বলেন, নীতিনির্ধারণী সমস্যার কারণে আবাসন খাত সঙ্কটের মধ্যে দিয়ে গেলেও ইদানিং এ অবস্থা থেকে বের হয়ে আসছে। বর্তমান সরকারের আমলে সরকারি চাকরিজীবীদের ৫ শতাংশ সুদে গৃহঋণ চালুর কারণে আবসন খাতের স্থবিরতা কাটিয়ে বের হয়ে আসছে।

এদিকে আবাসন নিবন্ধন ব্যয় দুই শতাংশ কমানো হলেও আরও চার শতাংশ ব্যয় কমানোর জন্য রিহ্যাবের পক্ষ থেকে তৎপরতা চালানো হচ্ছে বলেও জানান তিনি।

এক কোটি ২০ লাখ টাকা থেকে বাড়িয়ে দুই কোটি টাকা গৃহঋণ দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংকের জারি করা প্রজ্ঞাপন আবাসন খাতের জন্য ইতিবাচক বলেও মনে করেন এ ব্যবসায়ী নেতা।

কৈয়ুম বলেন, মেলায় যে সব প্রতিষ্ঠান অংশ নিচ্ছে তারা তাদের আবাসন প্রকল্প প্রদর্শন করবে। প্রদর্শিত প্রকল্পগুলো সিডিএ’সহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার অনুমোদন আছে কিনা সেটা যাচাই করা হবে। যার কারণে মেলা থেকে কোনো ক্রেতার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা নেই।

রিহ্যাব ফেয়ার সাধ ও সাধ্যের মধ্যে ক্রেতাদের প্লট ও ফ্ল্যাট খুঁজে নিতে সাহায্য করবে বলে আশা আয়োজকদের।

সংবাদ সম্মেলনে রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান মাহবুব জালাল তানবীর বলেন, রডের দাম যে হারে বাড়ছে তাতে অনেকেই মাঝপথে প্রকল্প বন্ধ করে দিতে বাধ্য হচ্ছে। এতে করে সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রকল্প শুরুর যে দর ঠিক করা হয় দেখা প্রকল্প শুরুর পর রডের দাম অনেক গুণ বেড়ে যায়। এতে করে ক্রেতা বিক্রেতা উভয়ই ক্ষতিগ্রস্ত হচ্ছে।

রডের দাম বাড়ার বিষয়ে সরকারকে নজরদারি করারও দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রিহ্যাব’র ভাইস প্রেসিডেন্ট কামাল মাহমুদ, রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান মো. দিদারুল হক চৌধুরী।